২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বসবাসের উপযোগী থাকবে না পৃথিবী’

‘বর্তমান মাত্রায় কার্বন নিঃসরণ অব্যাহত থাকলে ২০৩৫ সাল নাগাদ পৃথিবী মানুষের বসবাসের উপযোগী থাকবে না’- ডারবান থেকে জানাচ্ছেন সৈয়দ তালাত কামাল

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2011, 04:09 PM

Updated : 24 Aug 2022, 05:20 PM

সৈয়দ তালাত কামাল ডারবান (দক্ষিণ আফ্রিকা) থেকে ডারবান, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কার্বন নিঃসরণের মাত্রা কমিয়ে আনার চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানিয়ে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা বলেছে, বর্তমান মাত্রায় কার্বন নিঃসরণ অব্যাহত থাকলে ২০৩৫ সাল নাগাদ মানুষের বসবাসের উপযোগী থাকবে না পৃথিবী। দক্ষিণ আফ্রিকার ডারবানে চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলনে (কোপ-১৭) আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) নির্বাহী পরিচালক মারিয়া ভ্যান ডার হোসেন বুধবার বলেন, “২০১৭ সাল নাগাদ বিশ্ব বিদ্যুৎ ও জ্বালানি ব্যবস্থার পরিবর্তন না করলে আমরা বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ২ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখার লক্ষ্য পূরণ করতে পারবো না। তিনি বলেন, “২০৩৫ সাল নাগাদ উষ্ণতা ৬ ডিগ্রি সেলসিয়াস বাড়ার পথে আছে বিশ্ব। আমরা এমন একটি গ্রহ সৃষ্টি করছি যেখানে মানবসভ্যতা টিকে থাকতে পারবে না।” বিজ্ঞানীদের আশঙ্কা, বৈশ্বিক উষ্ণতা ২ ডিগ্রি সেলসিয়াসের বেশি বাড়লে তা জলবায়ুতে ব্যাপক পরিবর্তন আনতে পারে যা প্রশমণের কোনো উপায় থাকবে না। তাতে সমুদ্র ও ভূ-পৃষ্ঠে সুদূরপ্রসারী ও অপূরণীয় ক্ষতি হবে। জাতিসংঘ মহাসচিব বান কি মুনও সম্মেলনে অংশগ্রহণকারী দেশের প্রতিনিধিদের প্রতি কার্বন নিঃসরণ কমিয়ে আনতে একটি চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন। ‘রসাতলে যাওয়া থেকে ফিরে আসা’র জন্য ঊর্ধ্বতন মধ্যস্থতকারীদের প্রতি আহ্বান জানান তিনি। জাতিসংঘ-প্রধান প্রতিনিধিদের স্মরণ করিয়ে দেন, ওয়ার্ল্ড মেটেরিওলোজিক্যাল অর্গানাইজেশন ইতোমধ্যেই বলেছে, বর্তমানে বিশ্বে ইতিহাসের সর্বোচ্চ মাত্রায় কার্বন নিঃসরণ ঘটছে। গ্রিন হাউজ গ্যাস সূর্যের তাপ বায়ুমণ্ডলে আটকে দেওয়ার ফলে জলবায়ু পরিবর্তন ঘটে। এর ফলে আবহাওয়ার পরিবর্তন হয় এবং তা ঘন ঘন ঘূর্ণিঝড় ও বন্যা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, খরা, নদীভাঙন ও পানিতে লবণাক্ততা বাড়িয়ে তোলাকে ত্বরান্বিত করে। জাতিসংঘ ও বিশেষজ্ঞদের গবেষণায় দেখা গেছে যে, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি দেড় ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আটকে রাখতে হলে ১৯৯০ যে পরিমাণ কার্বন নিঃসরণ করা হতো ২০২০ সাল নাগাদ তা ৪০ শতাংশ এবং ২০৫০ সাল নাগাদ তা ৯৫ শতাংশ কমিয়ে আনতে হবে। এছাড়া ২০১৫ সালের পর কোনোভাবেই কার্বন নিঃসরণের পরিমাণ সর্বোচ্চ হতে পারবে না। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা আশঙ্কার কথা তুলে ধরলেও কার্বন নিঃসরণ নিরাপদ মাত্রায় নামিয়ে আনতে কোনো মতৈক্যে পৌঁছানোর বিষয়ে অগ্রগতি দেখা যায়নি সম্মেলনে। ২০১২ সালে মেয়াদ শেষ হতে যাওয়া কিয়োটো প্রটোকল চুক্তির স¤প্রসারণ বা এর আদলে নতুন একটি চুক্তি এবং জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকির মুখে থাকা দেশগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য গ্রিন ক্লাইমেট ফান্ড প্রতিষ্ঠার ক্ষেত্রে পরস্পরবিরোধী অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র এবং চীন, ভারত ও ব্রাজিলের মতো উন্নয়নশীল দেশগুলো। ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে এ বিষয়ে মতৈক্যে পৌঁছানোর জন্য জোর চেষ্টা চালানো হলেও তাতে এখন পর্যন্ত ফল আসেনি। ‘ফসিল অব দ্য ডে’ পুরস্কারে যুক্তরাষ্ট্র কার্বন নিঃসরণের মাত্রা কমিয়ে আনতে আইনি বাধ্যবাধকতা তৈরির আলোচনায় যুক্তরাষ্ট্রের গড়িমসির কারণে শিল্পোন্নত এ দেশটিকে এবার ‘ফসিল অব দ্য ডে’ পুরস্কারের জন্য নির্বাচন করেছে প্রায় সাতশ’ বেসরকারি সংস্থার (এনজিও) জোট ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক (সিএএন)। বৈষ্ণিক উষ্ণতা বৃদ্ধি ঠেকাতে কোনো পদক্ষেপ নেওয়ার উদ্যোগে ‘বাধা’ দেওয়ার জন্য এ পুরস্কার দেওয়া হয়। “কোপ-১৭ এ অগ্রগতি লাভের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টিতে অন্য দেশগুলোকে একত্রিত করার জন্য” যুক্তরাষ্ট্রকে এবারের পুরস্কারের জন্য বাছাই করা হয়েছে বলে সিএএন-এর পক্ষ থেকে বলা হয়েছে। কার্বন নিঃসরণ কমিয়ে আনতে ২০১২ সালে মেয়াদ শেষ হতে যাওয়া কিয়োটো প্রটোকল চুক্তির স¤প্রসারণ বা এর আদলে অন্য কোনো চুক্তির বিষয়ে আলোচনায় যেতে গড়িমসি করছে যুক্তরাষ্ট্র। আইনি বাধ্যবাধকতা সৃষ্টির পরিবর্তে যুক্তরাষ্ট্র চাইছে সামর্থ্য অনুযায়ী কার্বন নিঃসরণ কমিয়ে আনার প্রতিশ্র“তি দিক দেশগুলো। কার্বন গ্যাস নিঃসরণ নিরাপদ মাত্রায় নামিয়ে আনতে ১৯৯৭ সালে কিয়োটো প্রটোকল স্বাক্ষর হয়। এ চুক্তির মেয়াদ ২০১২ সালে শেষ হতে চললেও আইনি বাধ্যবাধকতা না থাকায় শিল্পোন্নত দেশগুলোকে কার্বন গ্যাস নিঃসরণ কমিয়ে আনতে বাধ্য করা যায়নি। এ কারণেই গত দুটি জলবায়ু সম্মেলনেই নতুন একটি চুক্তি করার কথা বলা হচ্ছে, যাতে কার্বন গ্যাস নিঃসরণ কমানোর পাশাপাশি জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকির মুখে থাকা দেশগুলোকে ক্ষতিপূরণ দেওয়ারও বাধ্যবাধকতা থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসটিকে/এএইচ/পিডি/২২০২ ঘ.