দোহা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানের তেল রপ্তানীর ওপর নিষেধাজ্ঞা আরোপের বিপক্ষে মত দিয়েছে রাশিয়া। এ পদক্ষেপ রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ হবে; তাছাড়া, ইরানের ওপর চাপ বাড়াতে জ্বালানি সরবরাহকে হাতিয়ার করা উচিত না বলেও রাশিয়া মন্তব্য করেছে।
বুধবার রাশিয়ার জ্বালানি মন্ত্রী সের্গেই শামাতকো কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড পেট্রালিয়াম কংগ্রেসে রাশিয়ার অবস্থান তুলে ধরেন।
মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের জ্বালানি কমিশনার গুয়েন্থার ওয়েটিঙ্গার বলেছিলেন, ইরানের তেল রপ্তানীর ওপর নিষেধাজ্ঞা আরোপে ইউরোপীয় ইউনিয়নভুক্ত কয়েকটি দেশ একমত হয়েছে এবং এই নিষেধাজ্ঞায় বিশ্ব স¤প্রদায়ের সঙ্গে রাশিয়াকে আশা করছে ইউরোপ।
কিন্তু রাশিয়া এ প্রস্তাবে সম্মতি দিতে রাজি নয়। তারা ইরানের পরমাণু কর্মসূচি ত্যাগে দেশটির ওপর এ ধরনের চাপ সৃষ্টিতে বিশ্বাস করে না বলে জানিয়েছে।
সাংবাদিকদের শামাতকো বলেন, “এ ধরনের সিদ্ধান্ত যে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত তা পরিস্কার.... এ ধরনের পরিস্থিতিতে আমরা যতটা সম্ভব নিরপেক্ষ থাকতে চাই।”
বিস্তারিত ব্যাখ্যা না দিয়ে তিনি বলেন, “এ ধরনের সিদ্ধান্ত একবার হলে এর পরিণতি কি হবে তা কি বুঝতে পারছেন।”
ইরানের তেল রপ্তানি নিষিদ্ধ হলে তেহরানের যা ক্ষতি হবে তার তুলনায় ইউরোপের নিজেদের নড়বড়ে অর্থনৈতিক পরিস্থিতিতে ইইউ ভুক্ত দেশগুলোই বেশি ক্ষতির মুখে পড়বে বলে শঙ্কিত কয়েকটি দেশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬০০ঘ.
bdnews24