২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণের দায়ে কারাগারে কাতসাভ

ধর্ষণের দায়ে সাত বছর কারাদণ্ড ভোগ করতে তেলআবিব কারাগারে পৌঁছেছেন ইসরায়েলের সাবেক প্রেসিডেন্ট মোশে কাতসাভ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2011, 08:49 AM

Updated : 24 Aug 2022, 05:20 PM

ঢাকা, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধর্ষণের দায়ে সাত বছর কারাদণ্ড ভোগ করতে তেলআবিব কারাগারে পৌঁছেছেন ইসরায়েলের সাবেক প্রেসিডেন্ট মোশে কাতসাভ। এখান থেকে তাকে মাসিইয়াহু কারাগারে পাঠানো হবে বলে বুধবার জানিয়েছে বিবিসি। ইসরায়েলের আভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়কমন্ত্রী ইতজাক আহারোনোভিচ বলেন, পূর্ব পরিকল্পনা অনুযায়ী বুধবার থেকে কারাভোগ শুরু করবেন মোশে কাতসাভ। কারাগারে তাকে কোনো বাড়তি সুবিধা দেওয়া হবে না। অন্যান্য সাধারণ কয়েদিদের মতোই তিনি থাকবেন। এক বছর আগে কাতসাভ দোষী প্রমাণিত হন। তবে রায়ের বিরুদ্ধে আপিল করায় তাকে মুক্ত থাকার অনুমতি দেয় আদালত। ৬৬ বছর বয়সী কাতসাভ ২০০৭ সালে প্রেসিডেন্টের পদ ছাড়েন। গত বছর কাতসাভের বিরুদ্ধে এ অভিযোগ ওঠার পরে পুরো দেশ স্তম্ভিত হয়ে পড়ে। ১৯৯০-এর দশকে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সময় এক নারী সহকর্মীকে ধর্ষণের অভিযোগ সমর্থন করে দেশটির সর্বোচ্চ আদালত। ২০০০ থেকে ২০০৭ সাল পর্যন্ত প্রেসিডেন্ট থাকা অবস্থায় আরো দুই নারীকে উত্যক্ত করার অভিযোগও আমলে নেয় আদালত। দক্ষিণাঞ্চলের কিরিয়াত মালাচি শহরে নিজ বাড়ি ছেড়ে মাসিইয়াহুতে আসেন কাতসাভ। এখানে সাবেক মন্ত্রী শ্লোমো বেনজ্রির সঙ্গে একই সেলে থাকবেন তিনি। কারাগারে তিনি যেনো কোনোভাবে আত্মহত্যা না করতে পারেন, সেজন্য বিশেষ নজরদারিরও ব্যবস্থা নেওয়া হয়েছে। ইসরায়েলের প্রিজন সার্ভিসের মুখপাত্র শিভান ওয়াইজম্যান বলেন, সাজার এক চতুর্থাংশ ভোগের পরে কারাগারের বাইরে অবস্থান, এমনকি সাজা মওকুফের আবেদন করার সুযোগও পাবেন তিনি। তবে এর জন্য নিজের অপরাধ স্বীকার করতে হবে তাকে। তবে নিজেকে বরাবরই নিরাপরাধ দাবি করে আসছেন কাতসাভ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৪৪৩ ঘ.