সৈয়দ তালাত কামাল
ডারবান (দক্ষিণ আফ্রিকা) থেকে
ডারবান, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কার্বন নিঃসরণের মাত্রা নিরাপদ মাত্রায় নামিয়ে আনার আইনি বাধ্যবাধকতা তৈরিতে মতৈক্যে পৌঁছাতে য্ক্তুরাষ্ট্রের ওপর চাপ বাড়ছে।
ওয়ার্ল্ড উয়াইল্ডলাইফ ফান্ড (ডব্লিউডব্লিউএফ) ও অক্সফামের পক্ষ থেকে এ বিষয়ে যুক্তরাষ্ট্রকে বলা হয়েছে, ‘ঠিক কর অথবা সরে যাও’।
গ্রিন পীস ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক কুমি নাইডু যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে বলেন, “এ কর্মসূচির সঙ্গে না থাকতে পারলে এক পাশে থাকো এবং বাকি বিশ্বকে এগোতে দাও।”
এ বক্তব্যের প্রতিধ্বনি করে অক্সফামের অ্যাডভোকেসি অ্যান্ড ক্যাম্পেইন ডাইরেক্টর সেলিন শ্যাভেরিয়াট বলেন, যুক্তরাষ্ট্র কোনো সমাধানের অংশীদার না হতে পারলে তাদের বরং এক পাশে দাঁড়িয়ে থাকা এবং অন্য দেশগুলোর প্রচেষ্টায় ‘বাধা’ সৃষ্টি না করা উচিত।
কার্বন নিঃসরণ কমিয়ে আনতে ২০১২ সালে মেয়াদ শেষ হতে যাওয়া কিয়োটো প্রটোকল চুক্তির স¤প্রসারণ বা এর আদলে অন্য কোনো চুক্তির বিষয়ে আলোচনায় যেতে গড়িমসি করছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের এ অবস্থানের কারণে গত ২৮ নভেম্বর দক্ষিণ আফ্রিকার ডারবানে শুরু হওয়া ১২ দিনের জলবায়ু সম্মেলনে কার্বন নিঃসরণ কমিয়ে আনতে বিশ্ব নেতাদের মতৈক্য নিয়ে সংশয় দেখা দিয়েছে।
কার্বন নিঃসরণের মাত্রা কমিয়ে আনার ক্ষেত্রে কোনো আইনি বাধ্যবাধকতার সৃষ্টির পরিবর্তে যুক্তরাষ্ট্র চাইছে সামর্থ্য অনুযায়ী কার্বন নিঃসরণ কমিয়ে আনার প্রতিশ্র“তি দিক দেশগুলো।
২০২০ সাল নাগাদ দেশটি ২০০৫ সালের তুলনায় কার্বন নিঃসরণের মাত্রা ১৭ শতাংশ কমিয়ে আনার প্রতিশ্র“তি দিয়েছে।
সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের প্রধান জনাথন পারশিং বলেন, তিনি মনে করেন অদূর ভবিষ্যতে এক্ষেত্রে তার দেশের অবস্থানের কোনো পরিবর্তন হবে না।
গ্রিন পীস ইন্টারন্যাশনালের কর্মকর্তা নাইডু বলেন, “প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ প্রশাসনের আট বছরে জলবায়ু বিষয়ে বিশ্বে অগ্রগতি হয়নি। প্রেসিডেন্ট ওবামা প্রশাসনের কাছে আমরা একটু বেশি প্রত্যাশা করেছিলাম।”
গ্রিন হাউজ গ্যাস সূর্যের তাপ বায়ুমণ্ডলে আটকে দেওয়ার ফলে জলবায়ু পরিবর্তন ঘটে। এর ফলে আবহাওয়ার পরিবর্তন হয় এবং তা ঘন ঘন ঘূর্ণিঝড় ও বন্যা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, খরা, নদীভাঙন ও পানিতে লবণাক্ততা বাড়িয়ে তোলাকে ত্বরান্বিত করে।
আশঙ্কা করা হয়, বৈশ্বিক উষ্ণতা দুই ডিগ্রি সেলসিয়াসের বেশি বাড়লে তা জলবায়ুতে ব্যাপক পরিবর্তন আনতে পারে যা প্রশমণের কোনো উপায় থাকবে না।
জাতিসংঘ ও বিশেষজ্ঞদের গবেষণায় দেখা গেছে যে, বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি দেড় ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আটকে রাখতে হলে ১৯৯০ যে পরিমাণ কার্বন নিঃসরণ করা হতো ২০২০ সাল নাগাদ তা ৪০ শতাংশ এবং ২০৫০ সাল নাগাদ তা ৯৫ শতাংশ কমিয়ে আনতে হবে। এছাড়া ২০১৫ সালের পর কোনোভাবেই কার্বন নিঃসরণের পরিমাণ সর্বোচ্চ হতে পারবে না।
যুক্তরাষ্ট্র ও অন্য গুটিকয়েক বড় অর্থনীতির দেশ কেবল কিয়োটো প্রটোকল চুক্তির বদলি হিসেবে তার হালনাগাদে একটি নতুন বহুপক্ষীয় চুক্তির কথা বলতে শুরু করেছে। তারা এমনও বলছে যে, ডারবানে তাদের এতো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন নেই এবং ‘চিন্তা করার জন্য তাদের আরো সময় প্রয়োজন’।
ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পরিবর্তন বিষয়ক কমিশনার কোনি হেডেগার্ড এ বিষয়ে চিন্তা করার জন্য আরো সময় দেওয়ার প্রস্তাব নাকচ করেন।
কিয়োটো প্রটোকল চুক্তি ১৪ বছর আগে সই হয়েছিলো উল্লেখ করে তিনি বলেন, “এখন যদি আমরা আবারো আলোচনা শুরু করি তাহলে বিশ্বকে এ বিষয়ে একটি সম্মিলিত সিদ্ধান্ত পেতে কতো সময় লাগবে?”
অবশ্য চীনের সর্বশেষ ঘোষণায় এ ক্ষেত্রে কিছুটা আশার সঞ্চার হয়েছে।
বিশ্বে সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী দেশ চীন বলেছে, জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জের (ইউএনএফসিসি) আওতায় অন্তত তিনটি পূর্ব শর্ত সাপেক্ষে কার্বন নিঃসরণ কমিয়ে আনতে আইনি বাধ্যবাধকতার বিষয়টি বিবেচনার জন্য প্রস্তুত রয়েছে চীন।
এর আগে ‘উন্নয়নশীল’ দেশের কাতারে নিজেদের অন্তর্ভুক্ত করে এ বাধ্যবাধকতা থেকে অব্যাহতি চায় দেশটি।
সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের প্রধান টড স্টার্ন বলেন, এ বিষয়ে ‘পূর্ণ আইনি সমতা’র জন্য প্রস্তুত নয় চীন।
চুক্তিতে চীন পূর্ণ আইনি সমতা মেনে না নিলে যুক্তরাষ্ট্র তার অংশীদার হবে না।
তখন হেডেগার্ড বলেন, “চীন সবসময়ই একটি আইনি বাধ্যবাধকতা আনার পক্ষে। কিন্তু তার অর্থ এই যে, চীনও আইনিভাবে তা মানতে বাধ্য থাকবে? আমি মনে করি এ বিষয়ে এখনো অনেক কিছু স্পষ্ট করার আছে।”
সম্মেলনে চীনের প্রতিনিধি দলের প্রধান জি ঝেনহুয়া প্রথমবারের মতো কার্বন নিঃসরণে কমিয়ে আনতে আইনি বাধ্যবাধকতা তৈরিতে চীনের ইচ্ছার ইঙ্গিত দিয়ে বলেন, উন্নত বিশ্ব বিশেষত যুক্তরাষ্ট্রকে কার্বন নিঃসরণ অনেক বেশি পরিমাণ কমিয়ে আনতে। এর কারণ হিসেবে তিনি বলেন, শিল্পায়নের মাধ্যমে প্রায় ২০০ বছর ধরে তারা কার্বন নিঃসরণ করছে।
এছাড়া জলবায়ু পরিবর্তন মোকাবেলায় প্রযুক্তির হস্তান্তর এবং উন্নয়নশীল দেশগুলোকে সহায়তার জন্য তহবিল গঠনের বিষয় তুলে ধরে তিনি বলেন, তার দেশ চায় জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সাড়া প্রদান ও অর্থনৈতিক উন্নয়নের মধ্যে ভারসাম্য থাকতে হবে।
কার্বন গ্যাস নিঃসরণের মাত্রা পরিমাণ নিরাপদ মাত্রায় নামিয়ে আনতে ১৯৯৭ সালে কিয়োটো প্রটোকল স্বাক্ষরিত হয়। এ চুক্তির মেয়াদ ২০১২ সালে শেষ হতে চললেও আইনি বাধ্যবাধকতা না থাকায় শিল্পোন্নত দেশগুলোকে কার্বন গ্যাস নিঃসরণ কমিয়ে আনতে বাধ্য করা যায়নি।
এ কারণেই গত দুটি জলবায়ু সম্মেলনেই নতুন একটি চুক্তি করার কথা বলা হচ্ছে, যাতে কার্বন গ্যাস নিঃসরণ কমানোর পাশাপাশি জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকির মুখে থাকা দেশগুলোকে ক্ষতিপূরণ দেওয়ারও বাধ্যবাধকতা থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসটিকে/এএইচ/পিডি/২৩০৯ ঘ.
bdnews24