ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবিশ্বাস্য হলেও সত্য ভারতীয় সীমান্ত পার হয়ে পাকিস্তানে প্রবেশের অপরাধে (!) দেশটির কর্তৃপক্ষ একটি বানরকে ‘গ্রেপ্তার’ করেছে।
সোমবার ভাওয়ালপুর বন্যপ্রাণী কর্তৃপক্ষ বানরটিকে ‘গ্রেপ্তার’ করেছে বলেই দাবি করেছে এক্সপ্রেস নিউজ চ্যানেল।
ভাওয়ালপুর জেলার কোলিস্তান এলাকায় বানরটি প্রবেশের পর স্থানীয় জনগণ সেটি ধরার চেষ্টা করে। বানরটির কৌশলের কাছে ব্যর্থ হয়ে স্থানীয়রা বন্যপ্রাণী কর্তৃপক্ষকে খবর দেয়। পরে তারা এসে অনেক কসরত করে বানরটিকে আটক করতে সক্ষম হয়।
ভাওয়ালপুর চিড়িয়াখানায় বানরটিকে রাখা হয়েছে এবং এটির নাম রাখা হয়েছে ‘ববি’।
গত বছরের মে মাসে পাকিস্তানের ‘গুপ্তচর’ হয়ে কাজের অভিযোগে ভারতীয় পুলিশ একটি কবুতরকে আটক করে এবং সশস্ত্র পাহারায় রাখে।
কবুতরটি পাকিস্তানের সীমান্তের কাছে ভারতের পাঞ্জাব প্রদেশের অমৃতসর থেকে আটক করা হয় এবং সেখান থেকে ৪০ কিলোমিটার দূরে পুলিশ স্টেশনে নিয়ে আসা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএম/সিআর/১৩৩৯ ঘ.
bdnews24