২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টিপাইমুখ বাঁধ বাতিল দাবিতে সুইডেনে মানববন্ধন

টিপাইমুখ প্রকল্প বাতিলের দাবিতে সুইডেনে ভারতীয় দূতাবাসের সামনে বাংলাদেশি শিক্ষার্থীদের উদ্যোগে মানববন্ধন হয়েছে রোববার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2011, 07:30 PM

Updated : 24 Aug 2022, 05:18 PM

জানাচ্ছেন মারুফ মল্লিক বন, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টিপাইমুখ প্রকল্প বাতিলের দাবিতে সুইডেনে ভারতীয় দূতাবাসের সামনে বাংলাদেশি শিক্ষার্থীদের উদ্যোগে মানববন্ধন হয়েছে রোববার। মানববন্ধনে বাংলাদেশিরা ছাড়াও বিভিন্ন দেশের শিক্ষার্থী, গবেষক ও শিক্ষকরা অংশ নেয়। সুইডেনের রাজধানী স্টকহোমে ভারতীয় দূতাবাসের সামনে রোববার বেলা ১২টায় এ মানববন্ধন শুরু হয়ে এক ঘণ্টা চলে। সেখানে টিপাইমুখে বাঁধ ও জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ বন্ধের দাবি জানিয়ে লেখা বিভিন্ন প্লাক্যার্ড প্রদর্শন করা হয়। মানবন্ধনে বক্তারা বলেন, ভারত বড় রাষ্ট্র হওয়ায় বাংলাদেশের সঙ্গে ক্ষমতার চর্চা করছে। এ প্রকল্পের ক্ষতিকর দিকগুলো বিশ্ববাসীর সামনে তুলে ধরার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান তারা। কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থী জাভেদ কায়সার বলেন, “ভারতের পক্ষ থেকে বলা হয়েছে এ প্রকল্প হলে বাংলাদেশের কোনো ক্ষতি হবে না। কিন্তু ফারাক্কার অভিজ্ঞতা আমাদের মনে করিয়ে দেয় যে, ভারত তার স্বার্থের বিষয়ে বিশেষভাবে মনযোগী।” মানববন্ধনে অংশ নেওয়া উপসালা ইউনিভার্সিটির পিএইচডি গবেষক ব্রিটিশ নাগরিক লুকাজ পিলারস্কি বলেন, “আমরা সবাই জানি এ ধরনের বাঁধ পরিবেশের জন্য ক্ষতিকর। ভারত বড় রাষ্ট্র হিসেবে বাংলাদেশের সঙ্গে ক্ষমতার চর্চা করছে। কারণ আমি যতটুকু জানি এ ব্যারেজ নির্মাণের সিদ্ধান্ত নেওয়ার আগে বাংলাদেশের সঙ্গে তারা কোনো আলোচনা করেনি।” এ ধরনের স্থাপনা নির্মাণের সিদ্ধান্ত নেওয়ার আগে প্রতিবেশি দেশের স্বার্থ বিবেচনায় আনা উচিত বলে মন্তব্য করেন তিনি। এ বিষয়ে জাতিসংঘের প্রতি কার্যকর ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। নেপালী শিক্ষার্থী সামীর অধিকারী বলেন, “ভারত দক্ষিণ এশিয়ার বড় রাষ্ট্র হয়ে ছোট রাষ্ট্রগুলোকে মূল্যায়ন করছে না। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।” স্টকহোম বিশ্ববিদ্যালয়ের গবেষক ইউহানা লারসন বাংলাদেশি শিক্ষর্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বলেন, এ বাঁধ সম্পর্কে সব তথ্য বাংলাদেশ সরকারকে সরবরাহ করা উচিত ভারত সরকারের। নেদারল্যান্ডস থেকে স্টকহোমে গিয়ে মানববন্ধনে অংশগ্রহণকারী বাংলাদেশি শিক্ষার্থী শাওন বলেন, “বাংলাদেশ সরকারের উচিত এ বিষয়ে ভারতের সঙ্গে সুস্পষ্টভাবে আলোচনা করা এবং এর ক্ষতিকর দিকগুলো বিশ্ব দরবারে তুলে ধরা।” মানববন্ধন কর্মসূচিতে শিক্ষার্থীরা ছাড়াও সুইডেনে অবস্থানরত বিভিন্ন পেশার বাংলাদেশিরা অংশ নেয়। স¤প্রতি ভারতে বরাক নদীর টিপাইমুখে বাঁধ ও জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ভারতের কায়েকটি রাষ্ট্রায়ত্ত্ব প্রতিষ্ঠানের সঙ্গে বিনিয়োগ চুক্তি করেছে মণিপুর রাজ্য সরকার। চুক্তির খবর প্রকাশের পর তা নিয়ে দেশের সব মহলে উদ্বেগ দেখা দেয়। তার পরপরই এ প্রকল্পের বিষয়ে জানতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নয়া দিল্লিতে চিঠি পাঠালে ভারতের পক্ষ থেকে জানানো হয়, বাঁধ নির্মাণ করে ১৫০০ মেগাওয়াটের টিপাইমুখ জলবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের জন্য বরাক নদীর পানি প্রত্যাহার করা হবে না। ফলে এতে বাংলাদেশের ওপর কোনো বিরূপ প্রভাবও পড়বে না। টিপাইমুখ বাঁধ নির্মাণের আগে যৌথ জরিপের দাবি জানিয়ে এর মধ্যে ভারতের প্রধানমন্ত্রীকে চিঠি পাঠান বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। তার জবাবও আসে, তবে তা এখনো প্রকাশ করা হয়নি। এদিকে প্রধানমন্ত্রী গত সপ্তাহে সংসদে বলেন, টিপাইমুখ বাঁধের বিষয়ে দেশের স্বার্থ রক্ষায় সরকার পুরোপুরি সচেতন। এর পরপরই দিল্লিতে দুই দূত পাঠান তিনি। এর মধ্যেই শনিবার ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেন, টিপাইমুখ প্রকল্প হবেই। পরিবেশ বিশেষজ্ঞদের আশঙ্কা, টিপাইমুখে বাঁধ দিয়ে পানি প্রত্যাহার হলে মেঘনা অববাহিকায় বিরূপ প্রভাব পড়বে। এ বাঁধ নির্মাণের বিরোধিতা মনিপুরেও রয়েছে। বরাক নদী সিলেট অঞ্চল দিয়ে বাংলাদেশে ঢুকে সুরমা ও কুশিয়ারা নামে দুটি স্রোতধারায় প্রবাহিত হয়ে পরে পুনরায় মিলিত হয়ে মেঘনা নাম নেয়। মেঘনা নদী চাঁদপুরে পদ্মার সঙ্গে মিলিত হয়ে বঙ্গোসাগরে পতিত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এএইচ/পিডি/০১২৩ ঘ.