আটলান্টা, ডিসেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে মনোনয়নের দৌড় থেকে সরে দাঁড়িয়েছেন রিপাবলিকান দলের প্রার্থী হারমান কেইন।
তার বিরুদ্ধে যৌন হয়রানি এবং ১৩ বছরের দীর্ঘ পরকীয়া প্রেমের অভিযোগ ওঠায় তিনি সরে দাঁড়ালেন। কেইন এ সমস্ত অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন।
এ মিথ্যা অভিযোগের কারণে তার পরিবার রাজনৈতিক এবং গণমাধ্যমের চাপে পড়েছে বলেও দোষারোপ করেছেন তিনি।
কেইন বলেন, “এ ঘটনায় আমি এবং আমার পরিবার মর্মাহত হয়েছি।”
“আমিসহ আমার নির্বাচনী প্রচারাভিযান এবং আমার পরিবারকে নিয়ে সংশয় সৃষ্টি করতে এইসব মিথ্যা এবং প্রমাণহীন অভিযোগ গণমাধ্যমে এখনো ফলাও করে প্রচার করা হচ্ছে।”
“এ কারণেই আমি প্রেসিডেন্ট পদপ্রার্থীতা থেকে সরে দাঁড়াতে বাধ্য হলাম।”
আগামী মাসে আইওয়ায় ভোটাররা ভোট দিয়ে ২০১২ সালের জন্য রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট পদপ্রার্থী বাছাই করবে।
তার আগে কেইন সরে দাঁড়ানোয় অন্যান্য প্রার্থীরা মনোনয়নের দৌড়ে প্রতিযোগিতার চাপে পড়লেন। বিশেষ করে কেইনের গোঁড়া সমর্থকদের সমর্থন আদায়ে চাপে পড়বেন তারা।
তবে কেইন বলেছেন, কয়েকদিন পর তিনি তার জায়গায় আরেকজন প্রার্থী দেবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮১৪ঘ.
bdnews24