ইসলামাবাদ, ০১ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের সার্বভৌমত্ব আবার লঙ্ঘিত হলে সন্ত্রাস বিরোধী যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সহায়তা বন্ধ করার হুমকি দিয়েছেন পাক-পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানি খার।
সীমান্তে ন্যাটো হামলায় ২৪ পাকিস্তানি সেনা নিহতের ঘটনার ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় রব্বানি এ হুমকি দিয়ে বলেছেন, “যথেষ্ট, যথেষ্ট হয়েছে”।
শনিবারের ন্যাটো হামলার পর থেকে একের পর এক ক্ষোভ প্রকাশ করে আসছে পাকিস্তান।
তারা ইতোমধ্যে আগামী সপ্তাহে জার্মানির বন শহরে অনুষ্ঠেয় আফগান বিষয়ক আনর্জাতিক সম্মেলন বর্জন করেছে। প্রতিবেশী এ রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠায় বন সম্মেলনে পাকিস্তানের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ।
বৃহস্পতিবার ‘দ্য নিউজ’ পত্রিকা পাক পররাষ্ট্রমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে বলেছে, “যথেষ্ট হয়েছে। পাকিস্তান সরকার আর একজন সাধারণ মানুষ কিংবা সেনার রক্তপাতও সহ্য করবে না।”
খার বলেন, “সন্ত্রাসবিরোধী যুদ্ধে পাকিস্তানের ভূমিকাকে উপেক্ষা করা উচিত না”- কেননা, পাকিস্তান জঙ্গি দমনাভিযানে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করা বন্ধ করে দিতে পারে।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে হামলার পর থেকে পাকিস্তান দেশের জনগণের বিরোধিতা সত্ত্বেও সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে মার্কিন বাহিনীকে সহায়তা করে আসছে।
কিন্তু পাকিস্তানে ঢুকে যুক্তরাষ্ট্রের কমান্ডোদের আল কায়েদা নেতা ওসামা বিন লাদেন হত্যাসহ ন্যাটো হামলার মতো ঘটনায় পাকিস্তান সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষায় ব্যর্থ হচ্ছে বলে সমালোচনার ঝড় উঠেছে।
এর পরিপ্রেক্ষিতে দেশের নিরাপত্তা এবং সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোস করা হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন পাক প্রতিরক্ষামন্ত্রী চৌধুরি আহমেদ মুক্তার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০৫৮ঘ.
bdnews24