২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের ওপর নতুন ইইউ নিষেধাজ্ঞা

ইরানের ১৮০ জন কর্মকর্তা এবং কোম্পানির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপে সম্মত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2011, 02:08 PM

Updated : 24 Aug 2022, 05:00 PM

ঢাকা, ডিসেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইরানের ১৮০ জন কর্মকর্তা এবং কোম্পানির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপে সম্মত হয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ব্রাসেলসে ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর নিষেধাজ্ঞা আরোপের এ সিদ্ধান্ত ঘোষণা করা হয় বলে জানিয়েছেন ইইউ কূটনীতিকরা। ইরান “পরমাণু অস্ত্র তৈরি সম্পর্কিত” পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে বলে জাতিসংঘের আণবিক শক্তি সংস্থা এক প্রতিবেদনে জানানোর পর ইইউ এ সিদ্ধান্ত নিলো। তেহরান এ অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, শান্তিপূর্ণ উদ্দেশে তারা পরমাণু কার্যক্রম পরিচালনা করছে। ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ বৃহস্পতিবার পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার কারণে ইরানের ওপর কঠোর ইইউ নিষেধাজ্ঞা আরোপের অনুরোধ জানান। মঙ্গলবার তেহরানের ব্রিটিশ দূতাবাসে হামলার ঘটনায় ইরানের ওপর ক্ষুব্ধ হয়ে ব্রিটেন নতুন অবরোধ আরোপের এ চেষ্টা চালাচ্ছে। ইরানের কূটনীতিকদের ইতোমধ্যেই লন্ডন থেকে বহিষ্কার করা হয়েছে এবং তেহরান থেকে ব্রিটিশ দূতাবাস কর্মীদেরও সরিয়ে নেওয়া হয়েছে। ব্রাসেলস আলোচনার প্রাক্কালে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ বলেন, ইরানের অর্থনীতিকে একঘরে করতে দেশটির ওপর অর্থনৈতিক চাপ চায় ব্রিটেন। ২৭ রাষ্ট্রের ইউরোপীয় ইউনিয়ন ইতোমধ্যে ইরানের শত শত কোম্পানির সম্পদ জব্দ করা ছাড়াও ইরানে নতুন বিনিয়োগ বন্ধ এবং দেশটির গ্যাস উৎপাদন ও তেল শোধন শিল্পে কোনো কারিগরি সহায়তা না করার পদক্ষেপ নিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০৩০ঘ.