বেইজিং, ০১ ডিসেম্বর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চীনে এইচআইভি/এইডস আক্রান্ত মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। এদের বেশির ভাগই কলেজ ছাত্র এবং বুড়োরা।
বুধবার স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে একথা জানিয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম।
চীনের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের হিসাব অনুযায়ী, ২০১১ সালে দেশটিতে ৪৮ হাজার নতুন এইডস রোগী সনাক্ত হয়েছে।
বার্তা সংস্থা সিনহুয়া জানায়, নতুন আক্রান্তদের প্রায় ৮২ শতাংশ যৌন সংসর্গের কারণে এইচআইভি সংক্রমিত হয়েছে। ১৯৮৫-২০০৫ সালের তুলনায় এ হার ১১ দশমিক ৬ শতাংশ বেশি।
রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের প্রধান উ জুনিয়োও বলেন, “আমাদের দেশে এখন অন্য যে কোন সময়ের চেয়ে এইডসের বিস্তার বেশি এবং তা অনেক বেশি ছড়িয়েছে। এতে করে এইচআইভি সংক্রমণ ঠেকানো এবং রোগ প্রতিরোধ করা কঠিন হয়ে পড়ছে।”
কেন্দ্রটি আরো জানায়, ২০০৫ সালে চীনে এইডস রোগীর সংখ্যা ছিল ৪৮৩ জন। আর ২০১০ সালে এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৩১ জনে।
অর্থাৎ, শতকরা হিসেবে এ ক’বছরে এইডস রোগীর সংখ্যা ৮ দশমিক ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। নতুন করে এইচআইভি আক্রান্তদের বেশির ভাগেরই বয়স ৬০ বা তার ওপরে।
এইডস আক্রান্ত সর্বমোট রোগীর মধ্যে এ বয়সী মানুষের সংখ্যা ২ হাজার ৫৪৬ জন। শতকরা হিসাবে এই হার ১১ শতাংশ।
বুড়োদের পাশাপাশি ২০ থেকে ২৪ বছর বয়সী কলেজ ছাত্রদের মধ্যেও এইচআইভি সংক্রমণের হার বাড়ছে।
সরকারি হিসাবে নথিভুক্ত এইচআইভি সংক্রমিত এবং এইডস আক্রান্ত রোগীর সংখ্যা ২০১১ সালের শেষ নাগাদ ৩৪৬,০০০ থেকে বেড়ে ৭৮০,০০০ তে দাঁড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিটফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯০১ঘ.
bdnews24