২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে ভোট গণনায় এগিয়ে থাকার দাবি ব্রাদারহুডের

মিশরের পার্লামেন্ট নির্বাচনে প্রথম দফার প্রাথমিক ফলে এগিয়ে থাকার দাবি করেছে মুসলিম ব্রাদারহুড ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2011, 02:36 PM

Updated : 24 Aug 2022, 05:00 PM

কায়রো/আলেকজান্দ্রিয়া, মিশর, ৩০ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিশরের পার্লামেন্ট নির্বাচনে প্রথম দফার প্রাথমিক ফলে এগিয়ে থাকার দাবি করেছে মুসলিম ব্রাদারহুড । ব্রাদারহুড সূত্র বলেছে, দলটি প্রাপ্ত ভোটের ৪০ শতাংশ পেয়েছে। আনুষ্ঠানিক ফল এখনো ঘোষণা করা না হলেও ব্রাদারহুডের ফ্রিডম এন্ড জাস্টিস পার্টি (এফজেপি) বলেছে, ভোট গণনায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতিযোগিতায় এবং এককভাবে তারাই এগিয়ে রয়েছে বলে আভাস পাওয়া যাচ্ছে। অন্য দলগুলোর সঙ্গে দৌড়ে তাদের পরই আছে সালাফি আল নূর পার্টি এবং লিবারেল ইজিপশিয়ান ব্লক। প্রতিদ্বন্দ্বী লিবারেল ইজিপশিয়ান ব্ল¬কের একজন সদস্য জানিয়েছেন, কায়রোতে সোম ও মঙ্গলবার প্রাপ্ত ভোটের ৪০ থেকে ৫০ শতাংশ পেয়েছে ব্রাদারহুডের ফ্রিডম এন্ড জাস্টিস পার্টি (এফজেপি)। অন্যদিকে, তার দল পেয়েছে ২০ থেকে ৩০ শতাংশ ভোট। বুধবার বেলা শেষে আশিংক সরকারী ফলাফল ঘোষণা করার কথা রয়েছে। প্রথম দফা ভোট গ্রহণের পর রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের উপস্থিতিতে ভোট গণনা চলছে। মিশরে এ নির্বাচনই প্রেসিডেন্ট হোসনি মুবারক-পরবর্তী প্রথম নির্বাচন। জানুয়ারির আগ পর্যন্ত সম্পূর্ণ ফলাফল জানা যাবে না। তিন দফায় পৃথক পৃথক ভাবে দেশের বিভিন্ন অঞ্চলে ছয় সপ্তাহ ধরে নির্বাচন অনুষ্ঠিত হবে। ব্যাপক ও দীর্ঘায়িত এ পদ্ধতির আওতায় অনুষ্ঠিত নির্বাচনের ফল কী হতে পারে তা অনুমান করা কঠিন। পার্লামেন্টের ৪৯৮ টি আসনের বিপরীতে দুই-তৃতীয়াংশ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে দলীয় প্রার্থীরা। বাকীরা স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিয়েছে। ১১ জানুয়ারি শেষ দফা ভোট গ্রহণ হবে। নির্বাচনে ইসলামিক দলগুলো ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পাবে বলেই ধারণা করছে পর্যবেক্ষক মহল। এর মাধ্যমে ক্ষমতাসীন সেনা পরিষদের হাত থেকে মিশরের ক্ষমতা ইসলাম ধর্মীয় রাজনৈতিক দলগুলোর হাতে চলে যেতে পারে। মুবারকের গত ত্রিশ বছরের শাসনামলে ধর্মীয় রাজনৈতিক দলগুলো নিষিদ্ধ ছিল। মিশরের ক্ষমতা এখনো সেনা পরিষদের হাতে থাকলেও নির্বাচিত পার্লামেন্ট মুবারকের আমলের মতো সেনা পরিষদের তল্পিবাহক হবে না বলেই ধারণা করা হচ্ছে। “রাজনৈতিক শক্তিগুলোর হাতেই ক্ষমতার লাগাম চলে যাবে। রাজনীতির আসল নিয়ন্ত্রণ পার্লামেন্টের হাতেই থাকবে,” বলেন দিয়া রশওয়ান নামের মিশরীয় রাজনীতির এক বিশে¬ষক। নির্বাচনে ভালো করার বিষয়ে মুসলিম ব্রাদারহুড ও অন্যান্য ইসলামপন্থি রাজনৈতিক দলগুলো আশাবাদী হলেও নির্বাচন পদ্ধতির কারণে ফলাফল সম্পর্কে আগাম ধারণা করা কঠিন। নির্বাচিত পার্লামেন্ট সেনা পরিষদের একচ্ছত্র ক্ষমতার অবসান ঘটাবে বলে ধারণা করা হচ্ছে। কারণ এরমধ্যেই সেনা পরিষদের জেনারেলরা তরুণ মিশরীয়দের চাপের মধ্যে আছেন। নির্বাচন সত্বেও সেনা পরিষদের পদত্যাগের দাবিতে তারা আন্দোলন অব্যাহত রেখেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০৩০ঘ.