২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরান থেকে দূতাবাস কর্মীদের সরিয়ে নিয়েছে যুক্তরাজ্য

তেহরানে যুক্তরাজ্যের দূতাবাসে বিক্ষুব্ধ ইরানিদের হামলার পরে বুধবার দূতাবাসের কর্মীদের সরিয়ে নিয়েছে দেশটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2011, 08:51 AM

Updated : 24 Aug 2022, 05:00 PM

তেহরান, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তেহরানে যুক্তরাজ্যের দূতাবাসে বিক্ষুব্ধ ইরানিদের হামলার পরে বুধবার দূতাবাসের কর্মীদের সরিয়ে নিয়েছে দেশটি। ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রতিবাদে মঙ্গলবার যুক্তরাজ্যের দূতাবাস চত্বরে মিছিল করে ঢুকে পড়ে জানালা ভাংচুর করে বিক্ষোভকারীরা। যুক্তরাজ্যের পতাকা পুড়িয়ে সে জায়গায় ইরানের পতাকাও টানিয়ে দেয় তারা। দূতাবাসে বিক্ষোভকারীদের হামলাকে ভয়ঙ্কর বলে মন্তব্য করেছে যুক্তরাজ্য কর্তৃপক্ষ। এর ফলাফল ‘গুরুতর’ হতে পারে বলেও মন্তব্য হুঁশিয়ারি জানিয়েছে তারা। জাতিসংঘের নিরাপত্তা পরিষদও ‘কঠোরতম ভাষায়’ এ হামলার নিন্দা জানিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা ইরানকে এ ঘটনার দায় স্বীকার করে নেওয়ার আহ্বান জানিয়েছেন। তবে কর্মীদের সরিয়ে নেওয়া হলেও এ ব্যাপারে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি যুক্তরাষ্ট্র। ইরানের পারমাণবিক শক্তি প্রকল্প নিয়ে পশ্চিমা বিশ্বের সঙ্গে ইরানের টানাপড়েনের মধ্যে তেহরানে যুক্তরাজ্যের দূতাবাসে হামলার এ ঘটনা ঘটলো। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিরোধে গত সপ্তাহে দেশটির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাজ্য। এর আওতায় ইরানের কেন্দ্রীয় ব্যাংকসহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যুক্তরাজ্যের অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোর ব্যবসা নিষিদ্ধ করা হয়। এর পরপরই যুক্তরাজ্যের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হ্রাস করতে রোববার ইরানের পার্লামেন্টে ভোট হয়। বিলের পক্ষে ১৭১ এবং বিপক্ষে পড়ে ৩ টি ভোট। এ সময় যুক্তরাজ্য দূতাবাসে হামলা হওয়ারও আভাস দেন ইরানি আইনপ্রণেতারা। এর একদিন পরই দূতাবাসে হামলা, ভাংচুরের এ ঘটনা ঘটে। বিশ্বের পঞ্চম বৃহৎ তেল রপ্তানিকারক দেশ ইরান বলছে, তাদের পারমাণবিক প্রকল্প শান্তিপূর্ণ। জাতিসংঘে এ বিষয়ে দেওয়া প্রতিবেদনে দেশটি জানায়, শুধু বিদ্যুৎ উৎপাদনের জন্যই তারা এ প্রকল্প চালাচ্ছে। তবে ইসরায়েল অভিযোগ করেছে, প্রতিবেদনে যা বলা হয়েছে ইরান তার চেয়েও বেশি এগিয়ে গেছে। তারা পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে। পশ্চিমা দেশগুলো ইসরায়েলের এ দাবিতে সমর্থন জানিয়ে ইরানের উপর বিভিন্নভাবে চাপ প্রয়োগ করতে শুরু করে। মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি হামলার দৃশ্য দেখানো হয়। এতে দেখা যায়, বিক্ষোভকারীরা পাথর ছুঁড়ে দূতাবাসের জানালা ভাঙছে। তারা পেট্রোল বোমাও ছুঁড়ে মারে এবং কম্পাউন্ডের ভেতরে থাকা রানি এলিজাবেথের ফ্রেমে বাঁধানো ছবি সরিয়ে ফেলে। ‘ইংল্যান্ড নিপাত যাক’ স্লোগান দিয়ে বিক্ষোভরত ছাত্রদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয় বলেও জানিয়েছে বিবিসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৪৪৮ ঘ.