২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগান সম্মেলন বর্জন করবে পাকিস্তান

সীমান্তে ন্যাটো হামলায় ২৪ সেনা নিহতের ঘটনার প্রতিবাদে আসন্ন আফগান বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন বর্জন করবে পাকিস্তান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2011, 11:05 AM

Updated : 24 Aug 2022, 05:00 PM

পাকিস্তান, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সীমান্তে ন্যাটো হামলায় ২৪ সেনা নিহতের ঘটনার প্রতিবাদে আসন্ন আফগান বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন বর্জন করবে পাকিস্তান। বিবিসি জানায়, আফগানিস্তানের ভবিষ্যৎ নিয়ে জার্মানির বন শহরে সম্মেলন হবে আগামী সপ্তাহে। পাকিস্তান এ সম্মেলনে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির সভাপতিত্বে মন্ত্রিসভার এক বৈঠকের পর এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন কর্মকর্তারা। পাকিস্তান সীমান্তের সেনা ফাঁড়িতে ন্যাটো বিমান হামলাকে দেশের সার্বভৌমত্ব এবং আফগানিস্তানে আন্তর্জাতিক বাহিনীর দায়-দায়িত্বের লঙ্ঘন হিসাবেই দেখছে পাকিস্তান। হামলায় হতাহতের ঘটনার জন্য ন্যাটো এবং যুক্তরাষ্ট্র সরকার ইতোমধ্যেই ক্ষমা চাইলেও পাকিস্তান তাদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছে। সর্বশেষ ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি যুক্তরাষ্ট্রের সঙ্গে লেনদেন বন্ধের হুমকি দিয়েছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার জন্য পাকিস্তানে বিরোধীদলগুলো ক্রমেই সোচ্চার হতে থাকায় এবং জনরোষ বাড়তে থাকায় মঙ্গলবার মন্ত্রিসভায় বৈঠক করেন গিলানি। লাহোরে এ বৈঠকের পর এক সরকারি কর্মকর্তা রয়টার্সকে বলেন,“পাকিস্তান প্রতিবাদ জানাতেই বন সম্মেলনে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।” আফগানিস্তান থেকে ২০১৪ সালের মধ্যে পরিকল্পনামাফিক নির্বিঘেœ মার্কিন সেনা প্রত্যাহার এবং দেশটিতে স্থিতিশীলতা ফেরানোর পথ খুঁজতেই বন-এ ৫ ডিসেম্বর পশ্চিমা ও আঞ্চলিক নেতাদের এ সম্মেলন আয়োজন করা হয়। পাকিস্তানে আফগান তালেবানদলগুলোর ওপর প্রভাব থাকার কারণে বৈঠকে আঞ্চলিক দেশ হিসাবে পাকিস্তানের উপস্থিতি গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রও চায় ইসলামাবাদ আলোচনাসভায় উপস্থিত থাকুক। আফগানিস্তানের ভবিষ্যৎ নিয়ে সবাই খুব বেশি আশাবাদী না হলেও বন সম্মেলনে গুরুত্বপূর্ণ অগ্রগতির আশা করছিলেন কেউ কেউ। কিন্তু পাকিস্তান এতে যোগ না দিলে আফগানিস্তানের ভবিষ্যৎ নিয়ে ছোটখাটো কোনো সিদ্ধান্তে পৌঁছানোও কঠিন হবে বলেই বিশ্লেষকদের ধারণা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৬৫০ ঘ.