২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের সাথে আর নয়: গিলানি

যুক্তরাষ্ট্রের সাথে আর কোনো লেনদেন নয়, বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি। ন্যাটোর বিমান ও হেলিকপ্টার হামলায় ২৪ সেনা নিহত হওয়ার জেরে এ মন্তব্য করলেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2011, 08:42 AM

Updated : 24 Aug 2022, 05:00 PM

ইসলামাবাদ, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের সাথে আর কোনো লেনদেন নয়, বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি। ন্যাটোর বিমান ও হেলিকপ্টার হামলায় ২৪ সেনা নিহত হওয়ার জেরে এ মন্তব্য করলেন তিনি। এদিকে, আফগানিস্তানে চলমান যুদ্ধে ন্যাটোকে সহযোগিতা বন্ধ করার হুমকি দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। শুক্রবার গভীর রাতে ন্যাটোর ওই হামলায় ইতিমধ্যেই চাপের মুখে পড়া যুক্তরাষ্ট্র-পাকিস্তান সম্পর্ককে আরো নাজুক করে তুলেছে। পাকিস্তানের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা এ ঘটনায় বড় ধরনের হুমকির মুখে পড়ল। আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের আগে পাকিস্তানের সাথে সম্পর্কের জটিলতা দূর করে আফগান-পাকিস্তান অঞ্চলে স্থিতিশীলতা প্রতিষ্ঠা করার পরিকল্পনা করেছিলো যুক্তরাষ্ট্র। ওই পরিকল্পনা এখন ভেস্তে যেতে বসেছে। যুক্তরাষ্ট্রের সাথে মিত্রতা চালিয়ে যাবেন কিনা, সোমবার সিএনএন’র এমন এক প্রশ্নের জবাবে পাকিস্তানি প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি বলেন, “যুক্তরাষ্ট্রের সাথে প্রচলিত সম্পর্ক আর একরকম থাকবে না। আমাদের জনগণকে সন্তুষ্ট করতে হলে আমাদের অবশ্যই বড় কোনো সিদ্ধান্ত নিতে হবে।” “সাধারণ মানুষের সমর্থন ছাড়া কোন যুদ্ধে জয়ী হওয়া যায় না। জনগণের সমর্থন আমাদের প্রয়োজন,” বলেন তিনি। পারস্পরিক শ্রদ্ধা ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতেই দু’দেশের সম্পর্ক চলা উচিত বলে মন্তব্য করেন গিলানি। পাকিস্তানকে শ্রদ্ধা করা হচ্ছে কিনা, এমন প্রশ্নের জবাবে গিলানি বলেন, “এই মূহুর্তে, না।” গিলানির এ মন্তব্য পাকিস্তানি সেনাবাহিনীর মনোভাবের প্রতিফলন বলেই মনে করে পশ্চিমা গণমাধ্যমগুলো। হামলার প্রতিক্রিয়ায় আফগান শান্তি প্রচেষ্টায় সহযোগিতা হ্রাস করার হুমকি দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আতাহার আব্বাস বলেন, “এ ঘটনা আমাদের সহযোগিতার মাত্রা ও ব্যাপ্তিতে মারাত্মক প্রভাব ফেলতে পারে।” পাকিস্তানে হামলার ঘটনা নিয়ে সোমবার হোয়াইট হাউজে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা এক বৈঠকে মিলিত হন। বৈঠকে আফগানিস্তানে ন্যাটোর রসদ সরবরাহ বন্ধ করে দেওয়ার বিষয়ে পাকিস্তানের সিদ্ধান্ত নিয়েও আলোচনা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪৪০ ঘ.