কায়রো, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গণঅভ্যুত্থানে একনায়ক হোসনি মুবারকের পতনের পর মিশরের প্রথম নির্বাচনে ভোটারদের উপচে পড়া ভিড় থাকলেও কোথাও কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। ভোটকেন্দ্রে প্রচুর ভোটারের উপস্থিতি নির্বাচন নিয়ে সব শঙ্কা দূর করে দিয়েছে। টানা দ্বিতীয় দিনের মতো চলছে ভোটগ্রহণ।
সোমবার মিশরে পরিবর্তিত রাজনৈতিক পরিবেশে প্রথম পার্লামেন্ট নির্বাচন শুরু হয়। নির্বাচনের দুইদিন আগ পর্যন্ত চলা এক সপ্তাহের সহিংসতায় ৪২ জন নিহত হওয়ায় সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কিত ছিল পর্যবেক্ষক মহল।
আগের দিন শান্তিপূর্ণ পরিবেশে ব্যাপক ভোটারের উপস্থিতিতে ভোটগ্রহণ চলার পর মঙ্গলবারও দ্বিতীয় দিনের মতো ভোট গ্রহণ চলবে। আগামী ছয় সপ্তাহ ধরে নির্বাচনের বিভিন্ন পর্ব অনুষ্ঠিত হবে।
নির্বাচনে ইসলামি দলগুলো ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পাবে বলে ধারণা করছে পর্যবেক্ষক মহল। এর মাধ্যমে ক্ষমতাসীন সেনা পরিষদের হাত থেকে মিশরের ক্ষমতা ইসলাম ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর হাতে চলে যাবে বলে ধারণা করা হচ্ছে। মুবারকের গত ত্রিশ বছরের শাসনামলে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো নিষিদ্ধ ছিল।
মিশরের ক্ষমতা এখনো সেনা পরিষদের হাতে থাকলেও নির্বাচিত পার্লামেন্ট মোবারকের আমলের মতো সেনা পরিষদের তল্পিবাহক হবে না বলেই ধারণা করা হচ্ছে।
“রাজনৈতিক শক্তিগুলোর হাতেই ক্ষমতার লাগাম চলে যাবে। রাজনীতির আসল নিয়ন্ত্রণ পার্লামেন্টের হাতেই থাকবে,” বলেন দিয়া রশওয়ান নামের মিশরীয় রাজনীতির এক বিশ্লেষক।
নির্বাচনে ভালো করার বিষয়ে আশাবাদী মুসলিম ব্রাদারহুড ও অন্যান্য ইসলামি রাজনৈতিক দলগুলো। তবে মিশরীয় নির্বাচন পদ্ধতির কারণে ফলাফল সম্পর্কে আগাম ধারণা করা কিছুটা জটিল।
নির্বাচিত পার্লামেন্ট সেনা পরিষদের একচ্ছত্র ক্ষমতার অবসান ঘটাবে বলে ধারণা করা হচ্ছে। কারণ এরমধ্যেই সেনা পরিষদের জেনারেলরা তরুণ মিশরীয়দের চাপের মধ্যে আছেন। নির্বাচন সত্বেও সেনা পরিষদের পদত্যাগের দাবিতে তারা আন্দোলন অব্যাহত রেখেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩০৬ ঘ.
bdnews24