২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থনৈতিক নিষেধাজ্ঞার বিরুদ্ধে সিরিয়ায় বিক্ষোভ

সিরিয়ায় আরব লিগের অর্থনৈতিক নিষেধাজ্ঞার বিরুদ্ধে সোমবার সরকার-সমর্থিত মিছিলে যোগ দিয়েছে অগণিত বিক্ষোভকারী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2011, 02:46 PM

Updated : 24 Aug 2022, 04:59 PM

বৈরুত, ২৭ নভেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ায় আরব লিগের অর্থনৈতিক নিষেধাজ্ঞার বিরুদ্ধে সোমবার সরকার-সমর্থিত মিছিলে যোগ দিয়েছে অগণিত বিক্ষোভকারী। সরকার বিরোধী আন্দোলনে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সামরিক দমনাভিযানের শাস্তিস্বরূপ রোববার সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেয় আরব লীগ। সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে দেখানো হয়েছে, রাজধানী দামেস্ক ও দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর আলেপ্পোতে বিক্ষোভকারীরা “জাতীয় ঐক্যের সমর্থনে এবং বিদেশি হস্তক্ষেপের বিরোধিতায়” মিছিল করছে। পূর্বাঞ্চলীয় শহর দির আল-জর ও হাসাকাতেও বিক্ষোভ হয়েছে বলে জানানো হয়েছে টিভিতে। গত নয় মাস ধরে সিরিয়ায় সরকার বিরোধী বিক্ষোভ চলছে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, বিদ্রোহ দমনে সেনা দমনাভিযানে এ পর্যন্ত ৩ হাজার ৫০০ জন নিহত হয়েছেন। সহিংস এ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসাদ সরকারকে একঘরে করতে আরব লিগ কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। ইউরোপীয় ইউনিয়ন বলেছে, আসাদ সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুমতি না থাকায় এবং অমানবিকতার কারণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ব্রিটেন বলেছে, দামেস্কর বিরুদ্ধে অভিযান চালাতে সেনা মোতায়েন করে তারা জাতিসংঘকে সহায়তা করতে প্রস্তুত। কিন্তু সিরিয়ার নিকটতম বাণিজ্যিক অংশীদার লেবানন ও ইরাক বলেছে, আরব লিগের সিদ্ধান্তে তাদের সমর্থন নেই। তারা বলেছে, আরোপিত অবরোধের কারণে প্রকৃত অর্থনৈতিক ক্ষতি ধারণার তুলনায় কম হবে। লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আদনান মনসুর বৈরুতে রয়টার্সকে বলেছেন, “আমরা এ নিষেধাজ্ঞার পক্ষপাতি না এবং আমরা তাদের কথামত চলবো না।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০৪৩ঘ.