ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইয়েমেনের উপ-রাষ্ট্রপতি আবদ্রাব্বুহ মনসুর হাদি দেশটির অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে বিরোধী দলীয় ঊর্ধ্বতন নেতা মোহাম্মদ বাসিনদুয়ার নাম ঘোষণা করেছেন।
আগামী বছরের ২১ ফেব্র“য়ারি অনুষ্ঠিতব্য ইয়েমেনের সাধারণ নির্বাচনকে সামনে রেখে একটি জাতীয় ঐকমত্যের সরকার গঠন ও নেতৃত্বের দায়িত্ব পালন করবেন বাসিনদুয়া।
শুক্রবার বিরোধী দলগুলোও অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে বাসিনদুয়ার নাম উত্থাপন করে বলে বিবিসি জানায়।
প্রেসিডেন্ট সালেহর জেনারেল পিপলস কংগ্রেসের সাবেক সদস্য বাসিনদুয়া পররাষ্ট্র ও তথ্যমন্ত্রীর পদসহ মন্ত্রিসভার বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। এরপর নিজের দল গঠনের জন্য প্রায় ১০ বছর আগে তিনি সালেহর দল ত্যাগ করেন।
গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) চুক্তি অনুযায়ী, সমান সংখ্যক বিরোধী দলের সদস্য ও সালেহর অনুগতদেরকে নিয়ে দুই সপ্তাহের মধ্যে সরকার গঠন করতে হবে তাকে।
কয়েক মাস ধরে আন্দোলন চলার পর বিচার থেকে মুক্তি পাওয়ার শর্তে জিসিসির নেওয়া উদ্যোগের অংশ হিসেবে হাদির হাতে ক্ষমতা হস্তান্তর করতে বুধবার সৌদি আরবে এক চুক্তি সই করেন সালেহ।
ওই চুক্তি সই করার পর থেকে প্রেসিডেন্টের যাবতীয় দায়িত্ব পালন করছেন ভাইস- প্রেসিডেন্ট মনসুর হাদি।
‘সংকটকালে ভুল’ করেছেন যারা তাদেরকে ক্ষমা করার প্রস্তাবও দিয়েছেন সালেহ। তবে গত জুন মাসে তাকে হত্যার চেষ্টার সঙ্গে জড়িতরা এর আওতায় পড়বে না বলে ইয়েমেনের রাষ্ট্রীয় টেলিভিশনের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
২০১৩ সালে নির্বাচন অনুষ্ঠানের কথা থাকলেও জিসিসি চুক্তি অনুযায়ী তা ৯০ দিনের মধ্যে করতে হবে। শনিবার হাদি নির্বাচনের নতুন এ তারিখ ঘোষণা করেন।
সালেহ ৩৩ বছর ইয়েমেনের রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৩১২ ঘ.
bdnews24