২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাদ্দাফিকে হটাতে মদদ ছিলো বশিরের

লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফিকে উৎখাতে লড়াইরত যোদ্ধাদের অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করে আফ্রিকার আরেক সামরিক শাসক ওমর আল বশিরের সুদান। আর সেগুলো লিবিয়ায় পৌঁছাতে সহায়তা করে মিশর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2011, 05:12 PM

Updated : 24 Aug 2022, 04:58 PM

খার্তুম, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফিকে উৎখাতে লড়াইরত যোদ্ধাদের অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ করে আফ্রিকার আরেক সামরিক শাসক ওমর আল বশিরের সুদান। আর সেগুলো লিবিয়ায় পৌঁছাতে সহায়তা করে মিশর। সুদানে প্রথম রাষ্ট্রীয় সফরে শুক্রবার লিবিয়ার ক্ষমতাসীন জাতীয় অন্তর্বর্তীকালীন পরিষদের (ন্যাশনাল ট্রানজিশনাল কাউন্সিল-এনটিসি) চেয়ারম্যান মুস্তাফা আব্দেল জলিল একথা বলেন। এ সময় খার্তুমের সঙ্গে ত্রিপোলির সম্পর্কোন্নয়নের আশা প্রকাশ করেন তিনি। গত ফেব্র“য়ারিতে লিবিয়ায় গাদ্দাফির পতনের দাবিতে আন্দোলন শুরু হয়। বিরোধীদের ওপর দমনাভিযান চালানোর এক পর্যায়ে গাদ্দাফির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। একই অভিযোগে লিবিয়ায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় পশ্চিমা যৌথবাহিনী। এর এক বছর আগেই প্রেসিডেন্ট ওমর আল বশিরের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ আনে আইসিসি। অথচ গাদ্দাফিকে হটাতে সহায়তা করলেন পশ্চিমাদের চোখে আরেক ‘দুষ্ট’ বশির। তার বিরুদ্ধে এক সময় আল-কায়েদাকে সহায়তারও অভিযোগ ছিলো পশ্চিমাদের। অবশ্য গাদ্দাফির শাসনামলে প্রতিবেশি এ দুদেশের মধ্যে সম্পর্কের বেশ টানাপোড়েন ছিলো। ত্রিপোলির বিরুদ্ধে সুদানের পশ্চিম দারফুর অঞ্চলের বিদ্রোহীদের সহায়তা করার অভিযোগ ছিলো। খার্তুমে সুদানের ক্ষমতাসীন দল ন্যাশনাল কংগ্রেস পার্টি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনটিসি প্রধান বলেন, “সুদানের সেনাবাহিনীর সহায়তা না পেলে কুফরা স্বাধীন করা সম্ভব হতো না।” লিবিয়ার দক্ষিণপূর্বের প্রত্যন্ত মরু এলাকার একটি শহরের (কুফরা) প্রতি ইঙ্গিত করেন তিনি। আব্দেল জলিল বলেন, “সুদান আমাদের যেসব অস্ত্র ও গোলাবারুদ দেয় সেগুলো আমাদের বন্ধু রাষ্ট্র মিশর হয়ে পশ্চিমাঞ্চলীয় পার্বত্য এলাকায়ও পৌঁছায়।” এই সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট বশির বলেন, “সুদানের জনগণকে সবচেয়ে বড় উপহার দিয়েছে লিবিয়ার জনতা। আর তা হচ্ছে গাদ্দাফি ও তার শাসন থেকে লিবিয়াকে মুক্ত করা।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/জিএনএ/২২৫৭ ঘ.