২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ন্যাটোর হেলিকপ্টার হামলায় ২৮ পাকিস্তানি সেনা নিহত

পাকিস্তানের এক সামরিক তল্লাশি চৌকিতে ন্যাটোর হেলিকপ্টার হামলায় নিহত সেনার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ জনে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2011, 06:22 AM

Updated : 24 Aug 2022, 04:58 PM

ইসলামাবাদ, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের এক সামরিক তল্লাশি চৌকিতে ন্যাটোর হেলিকপ্টার হামলায় নিহত সেনার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ জনে। এরআগে এ হামলায় অন্ততপক্ষে আট সেনা নিহত হয়েছে বলে জানানো হয়। এতে আহত হয়েছে সাত সেনা। নিহতদের মধ্যে দুইজন সেনা কর্মকর্তাও রয়েছে। পাকিস্তানের গোয়েন্দা কর্মকর্তারা এ খবর জানান। এক বিবৃতিতে পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, “কোনো উস্কানি ছাড়াই অহেতুক পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় মোহমান্দ নামে আদিবাসী এলাকায় এই হামলা চালানো হয়েছে।” আফগানিস্তান থেকে উড়ে এসে ন্যাটোর হেলিকপ্টার সালালা তল্লাশি চৌকিতে শনিবার স্থানীয় সময় রাত ২ টার দিকে এই হামলা চালায়। ওই অঞ্চলে তালেবানের বিরুদ্ধে লড়াই করার জন্যই পাকিস্তানি সেনারা অবস্থান করছে। বিবিসির করাচি প্রতিনিধি জানান, এ ঘটনায় পাকিস্তানি কর্মকর্তারা অত্যন্ত ক্ষুব্ধ। তাদের দাবি ওই অঞ্চলে সেসময় কোনো জঙ্গি তৎপরতা ছিল না। এ ঘটনার প্রতিক্রিয়ায় পাকিস্তান সরকার আফগানিস্তানে অবস্থানরত ন্যাটো সেনাদের রসদ সরবরাহের সীমান্তবর্তী পথ বন্ধ করে দিয়েছে। ওই পথ দিয়ে ন্যাটোর সেনাদের প্রায় ৮০ ভাগ রসদ সরবরাহ হয়ে থাকে। কাবুলে ন্যাটোর নেতৃত্বাধীন আন্তর্জাতিক নিরাপত্তা সহযোগী বাহিনীর (আইএসএএফ) মুখপাত্র জানান, এই অনাকাঙ্খিত ঘটনা সম্পর্কে তারা জেনেছেন। বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। আফগান সীমান্তবর্তী ওই অঞ্চলে বেশ কয়েক মাস ধরেই তালেবান জঙ্গিদের অবস্থান লক্ষ করে ন্যাটো আকাশ পথে হামলা চালিয়ে আসছে। গত বছর ওই সীমান্তের নিকটবর্তী অঞ্চলে মার্কিন হেলিকপ্টারের হামলায় দুই পাকিস্তানি সেনা নিহত হওয়ার জেরে আফগানিস্তানে অবস্থানরত বিদেশি সেনাদের রসদ সরবরাহের পথ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছিল পাকিস্তান সরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২১৬ ঘ.