মুম্বাই, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের সবচেয়ে বড় ব্যবসায়িক গ্রুপ টাটার পরবর্তী চেয়ারম্যান হচ্ছেন ৪৩ বছর বয়সী সাইরাস মিস্ত্রি, যিনি এই গ্রুপের অন্যতম অংশীদার পালোনজি মিস্ত্রির ছেলে এবং বিয়ে সূত্রে টাটা পরিবারের আত্মীয়।
টাটা পরিবারের ৮ হাজার কোটি ডলারের ব্যবসায়িক সম্রাজ্যের পরবর্তী প্রধান কে হচ্ছেন তা নিয়ে প্রায় এক বছর জল্পনা কল্পনা চলার পর এই ঘোষণা এলো।
বুধবার পরিচালনা পর্ষদের বৈঠকের পর টাটা কর্তৃপক্ষ জানায়, আপাতত গ্রুপের ডেপুটি চেয়ারম্যান হচ্ছেন সাইরাস। আগামী এক বছর চেয়ারম্যান রতন টাটার সঙ্গে থেকে তিনি ব্যবসার খুঁটিনাটি শিখবেন। ২০১২ সালের ডিসেম্বরে বর্তমান চেয়ারম্যান অবসরে গেলে পুরোপুরি দায়িত্ব নেবেন তিনি।
লন্ডনের ইম্পিরিয়াল কলেজ অব সায়েন্স থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সাইরাস মিস্ত্রি ম্যানেজমেন্টে মাস্টার্স করেছেন লন্ডন বিজনেস স্কুল থেকে। চেয়ারম্যান হিসেবে নাম ঘোষণার পর এক বিবৃতিতে তিনি বলেন, “আমি সম্মানিত। টাটা গ্রুপের ঐতিহ্য বজায় রেখেই আমি কাজ করবো।”
আর সাইরাসের ব্যাপারে পূর্বসূরি রতন টাটার মূল্যায়ন- “সে একনিষ্ঠ, বুদ্ধিমান।”
টাটা পরিবারের নামে যতোগুলো প্রতিষ্ঠান রয়েছে, তার সবগুলোরই মূল অংশীদার হলো টাটা সন্স। ‘টাটা’ ব্র্যান্ড ও ট্রেডমার্কের স্বত্ত্বাধিকারীও তারা। এককভাবে টাটা সন্সের সবচেয়ে বড় অংশীদার হলো আবাসন নির্মাতা প্রতিষ্ঠান শাপুরজি পালোনজি গ্রুপ, যাদের হাতে টাটার ১৮ শতাংশ শেয়ার রয়েছে।
আর রতন টাটার উত্তরসূরি সাইরাস এই শাপুরজি পালোনজি গ্রুপের চেয়ারম্যান পালোনজি মিস্ত্রিরই ছোট ছেলে। ওই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বও তিনিই পালন করছেন। সাইরাসের বোনের সঙ্গে বিয়ে হয়েছে রতন টাটার সৎ ভাই নোয়েল টাটার, যাকে চেয়ারম্যান করা হতে পারে বলেও গুঞ্জন ছিল।
এই পরিপ্রেক্ষিতে সাইরাসকে বেছে নেওয়ার সিদ্ধান্ত কিছুটা আকষ্মিক হলেও বিশ্লেষকরা বলছেন, পালোনজি পরিবারের ওপর টাটাদের দীর্ঘ দিনের আস্থা ও নৈকট্য এ ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে।
মুম্বাইয়ের আমবিত ক্যাপিটালের পরিচালক এন্ড্রু হল্যান্ড বলেন, “বাইরে থেকে কাউকে মনোনীত করা হলে তা বরং আরো চিন্তার কারণ হতো। টাটা পরিবারের নিজস্ব ব্যবসায়িক সংস্কৃতি এতোটাই শক্তিশালী যে ধারাবাহিকতা রক্ষার জন্য ভেতর থেকেই কাউকে আসতে হতো।”
গতবছর অগাস্টে অবসরের ঘোষণা দেওয়ার পর থেকেই রতন টাটা বলে আসছিলেন টাটা গ্রুপের দায়িত্ব এমন কাউকে দেওয়া হবে, যার বয়স তুলনামূলকভাবে কম। এতে দীর্ঘদিন প্রতিষ্ঠানকে নেতৃত্ব দিতে পারবেন তিনি। এ যুক্তিতেও সাইরাস ৫৪ বছর বয়সী নোয়েল টাটাকে পেছনে ফেলেছেন।
রতন টাটার হাত থেকে দায়িত্ব নেওয়ার পর সাইরাস মিস্ত্রি হবেন টাটা গ্রুপের ষষ্ঠ চেয়ারম্যান। আর তিনি হবেন এ প্রতিষ্ঠানের দ্বিতীয় প্রধান, যার নামের সঙ্গে ‘টাটা’ পদবী থাকবে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/১০০৮ ঘ.
bdnews24