২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে পাকিস্তানের নতুন রাষ্ট্রদূত শেরি রহমান

যুক্তরাষ্ট্রে পাকিস্তানের নতুন রাষ্ট্রদূত হিসাবে সংসদ সদস্য ও সাবেক তথ্যমন্ত্রী শেরি রহমানকে নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2011, 01:57 PM

Updated : 24 Aug 2022, 04:49 PM

ইসলামাবাদ, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রে পাকিস্তানের নতুন রাষ্ট্রদূত হিসাবে সংসদ সদস্য ও সাবেক তথ্যমন্ত্রী শেরি রহমানকে নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি। সদ্য পদত্যাগ করা রাষ্ট্রদূত হুসেইন হাক্কানির স্থলাভিষিক্ত হলেন তিনি। গিলানির কার্যালয়ের মুখপাত্র আকরাম শাহেদি বলেন, “যুক্তরাষ্ট্রে শেরি রহমানকে নতুন রাষ্ট্রদূত নিয়োগ করতে পেরে প্রধানমন্ত্রী সন্তুষ্ট।” পাক সামরিক বাহিনীর বিরুদ্ধে সহায়তা চেয়ে ওয়াশিংটনের কাছে একটি স্মারকলিপি লেখা নিয়ে বিতর্কের মুখে মঙ্গলবার পদত্যাগ করেন হাক্কানি। পাকিস্তানি বংশোদ্ভুত এক মার্কিনী হাক্কানির বিরুদ্ধে সামরিক অভ্যুত্থানের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ করে। তবে হাক্কানি এ অভিযোগ অস্বীকার করেছেন। নতুন নিয়োগ পাওয়া শেরি রহমান পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)’র প্রবীণ সদস্য। তার নিয়োগ অনেক বিশ্লেষককেই অবাক করেছে। কেননা, তাদের প্রত্যাশা ছিল সেনাবাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এমন কাউকেই যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত করা হবে। অবসরপ্রাপ্ত জেনারেল ও বিশ্লেষক তালাত মাসুদ বলেন, “পছন্দটা চমৎকার হয়েছে। তিনি পার্লামেন্টের নিরাপত্তা প্যানেলে রয়েছেন। তিনি নিরাপত্তা বিষয়গুলো সম্পর্কে অবগত এবং সেনাবাহিনীর সঙ্গে তার ভালো সম্পর্ক রয়েছে।” জারদারি সরকার ২০০৮ সালে ক্ষমতায় আসলে সাবেক সাংবাদিক ও মানবাধিকার কর্মী শেরিকে তথ্যমন্ত্রী করা হয়। তবে ২০০৯ সালে গণমাধ্যমের ওপর কড়াকড়ি আরোপ নিয়ে জারদারির সঙ্গে বিরোধিতার কারণে পদত্যাগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৯৫৩ঘ.