২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশরে সেনা শাসকদের প্রস্তাব আন্দোলনকারীদের প্রত্যাখ্যান

মিশরে বিক্ষোভের মুখে ক্ষমতাসীন সামরিক শাসকরা প্রেসিডেন্ট নির্বাচনের মাধ্যমে দ্রুত বেসামরিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে রাজি হলেও তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করে বিক্ষোভ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে আন্দোলনকারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2011, 09:11 AM

Updated : 25 Apr 2022, 11:58 PM

কায়রো, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিশরে বিক্ষোভের মুখে ক্ষমতাসীন সামরিক শাসকরা প্রেসিডেন্ট নির্বাচনের মাধ্যমে দ্রুত বেসামরিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে রাজি হলেও তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করে বিক্ষোভ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে আন্দোলনকারীরা। বিক্ষোভকারীরা সামরিক শাসক ফিল্ড মার্শাল মোহাম্মদ হুসেন তানতাবির পদত্যাগ দাবি করেছে। টানা চার দিন বিক্ষোভকারীদের সাথে পুলিশের রক্তক্ষয়ী সংঘর্ষের পর মঙ্গলবার ফিল্ড মার্শাল তানতাবি টেলিভিশনে স¤প্রচারিত এক ভাষণে ঘোষণা দিয়েছেন, ২০১২ সালের জুনের মধ্যেই প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজনীতিবিদদের সঙ্গে বৈঠকের পর নির্বাচনের মাধ্যমে একজন বেসামরিক প্রেসিডেন্টের হাতে ক্ষমতা ছেড়ে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন তিনি। কিন্তু তার এই প্রস্তাব প্রত্যাখ্যান করে আন্দোলনকারীরা বিক্ষোভ অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে বিবিসি। গত ফেব্র“য়ারিতে সাবেক সেনা কর্মকর্তা প্রেসিডেন্ট হোসনি মুবারকের পতনের পর থেকে মিশরের ক্ষমতা নিয়ন্ত্রণ করছে সেনাবাহিনী। ২৮ নভেম্বর মিশরে পার্লামেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে। এরপর নির্বাচিত পার্লামেন্ট থাকলেও প্রেসিডেন্ট নির্বাচন না হওয়া পর্যন্ত দেশটির প্রেসিডেন্সিয়াল ক্ষমতা সেনাশাসকদের হাতেই থাকবে। ২০১২ সালের শেষে অথবা ২০১৩ সালের প্রথম দিকে প্রেসিডেন্ট নির্বাচনের ইচ্ছে ছিল সেনা শাসকদের। কিন্তু সেনাশাসকদের অতো সময় দিতে রাজি নয় বিক্ষোভকারীরা। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে সেনাশাসনের দ্রুত অবসান চায় তারা। এ লক্ষ্যে টানা চারদিন ধরে কায়রোর স্বাধীনতা চত্ত্বরে (তাহরির স্কয়ার) বিক্ষোভ চালিয়ে যাচ্ছে আন্দোলনকারীরা। মিশরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, গত শনিবার থেকে আন্দোলনকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষে এ পর্যন্ত অন্তত ৩০ ব্যক্তি নিহত ও কয়েকশ’ মানুষ আহত হয়েছে। তবে অন্যান্য সূত্র দাবি করেছে, সংঘর্ষে এ পর্যন্ত ৩৭ জন নিহত হয়েছেন। মঙ্গলবার রাতেও মিশরের বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষ চলছিলো। টেলিভিশনে স¤প্রচারিত চিত্রে কায়রোর স্বাধীনতা চত্ত্বরে আহতদের নিতে আসা অ্যাম্বুলেন্স দেখা যায়। “যাও! যাও! জনতা মার্শালদের পতন চায়,” স্বাধীনতা চত্ত্বরসহ কায়রোর বিভিন্ন স্থানে স্লোগান তোলে আন্দোলনকারীরা। বুধবার ভোরে আলেকজান্দ্রিয়াতে পুলিশের সাথে সংঘর্ষে এক বিক্ষোভকারী নিহত হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। এছাড়া সুয়েজ, পোর্ট সৈয়দ ও আসোয়ানেও পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষের খবর পাওয়া গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৫০০ ঘ.