কায়রো, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-মিসরের ক্ষমতা হস্তান্তরের জন্য ক্ষমতাসীন সামরিক পরিষদের ওপর চাপ বাড়াতে নতুন করে গণবিক্ষোভের জন্য কায়রোর তাহরির স্কয়ারে সমবেত হচ্ছে জনতা।
মন্ত্রিসভার পদত্যাগে বেকায়দায় পড়া জেনারেলদের পরিস্থিতি সামলানোর আপ্রাণ চেষ্টার মধ্যেই
মঙ্গলবার আবার গণবিক্ষোভ ডেকেছে বিক্ষোভকারীরা।
এ ডাকে সাড়া দিয়ে তাহরির স্কয়ারে প্রায় ২০ হাজার বিক্ষোভকারী সোমবার রাতভর অবস্থান করে। এ স্কয়ারের কাছে রাস্তায় রাস্তায় ফের ছড়িয়ে পড়েছে সংঘর্ষ।
এ নিয়ে মিশরে সহিংসতা চতুর্থ দিনে গড়িয়েছে। পুলিশ-জনতা সংঘর্ষে নিহত হয়েছে অন্তত ২৮ জন এবং আহত হয়েছে অগণিত মানুষ।
শনিবার পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ শুরু হয়। সেনাশাসকদের হাত থেকে বেসামরিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবিতে আন্দোলন করছে তারা।
এতে ২৮ নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচন অনিশ্চয়তার মধ্যে পড়েছে।
বিক্ষোভকারীদের ধারণা নির্বাচনের ফলাফল যা-ই হোক ক্ষমতা আঁকড়ে রাখার ফন্দিতে আছে সামরিক পরিষদ।
সামরিক পরিষদেও নিয়োগ দেওয়া বেসামরিক মন্ত্রিসভা পদত্যাগের পর মঙ্গলবার রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনা করছে ‘সুপ্রিম কাউন্সিল অফ দ্য আর্মড ফোর্সেস’।
কিন্তু সেনাশাসনে হতাশ মিশরীয়রা ইতোমধ্যেই পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে।
ফিল্ড মার্শাল মোহাম্মাত হোসেন তানতাবিকে ইঙ্গিত করে ‘জনগণ মার্শালের পতন চায়’ বলে বিক্ষোভকারীরা শ্লোগান দিচ্ছে। সাবেক প্রেসিডেন্ট হোসনি মুবারকের প্রতিরক্ষামন্ত্রী তানতাবি বর্তমান ক্ষমতাসীন সামরিক পরিষদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
“মিসরীয়দের কোনো অভিভাবকের প্রয়োজন নেই। মিসরীয়রা বেসামরিক সরকার চায়’সহ বিভিন্ন দাবি দাওয়া লেখা ব্যানার নিয়ে মাঠে নেমেছে বিক্ষোভকারীরা।
পুলিশ তাদেরকে একটি গণ্ডির ভেতর বন্দি করে ফেলছে বলেও তারা দাবি করেছে।
জামাল আল-হাবি নামের এক বিক্ষোভকারী বলেন, “আমাদের চলাচলের জায়গা সীমিত করে দেয়ার চেষ্টা করছে। তারা আমাদের চত্বরের ভেতরে আটকে ফেলতে চাইছে, আমাদের মনস্তত্তে আঘাত করার জন্য এ কাজটি তারা একটু একটু করে করছে।”
রাজধানী ছাড়াও আলেকজান্দ্রিয়াসহ দেশটির বিভিন্ন শহরেও বিক্ষোভের খবর পাওয়া গেছে।
অন্তর্বর্তী সরকারের প্রস্তাবিত সাংবিধানিক পরিবর্তন পরিকল্পনা প্রকাশ করার পর বিক্ষোভের পরিপ্রেক্ষিতে শনিবার সহিংসতা শুরু হয়।
ওই পরিকল্পনায় সেনাবাহিনী রাষ্ট্রপতি নির্বাচন পিছিয়ে ২০১২ সালের শেষ নাগাদ বা ২০১৩ সালের শুরুর দিকে করার প্রস্তাব দেওয়ায় বিরোধীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
নির্বাচন অনুষ্ঠানের পরই রাষ্ট্রপতি নির্বাচনের দাবি জানিয়েছে আন্দোলনকারীরা।
এক প্রতিবেদনে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মিশরের সেনা শাসকদের তীব্র সমালোচনা করেছে। তাদের অভিযোগ, সরকার মানবাধিকারের উন্নয়নে করা অঙ্গীকার পূরণে পুরোপুরি ব্যর্থ হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/২০৪৭ঘ.
bdnews24