কায়রো, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সেনাশাসনের বিরুদ্ধে গণবিক্ষোভের মুখে মিশরের মন্ত্রিসভার দেয়া পদত্যাগপত্র গ্রহণ করেছে সেনা পরিষদ।
অজ্ঞাত একসূত্রের বরাত দিয়ে আল-জাজিরা স্যাটেলাইট টেলিভিশন মঙ্গলবার এ খবর নিশ্চিত করেছে।
এরআগে রোববার দেশটির মন্ত্রিসভা জানিয়েছিল, চলমান গণআন্দোলনের পরিপ্রেক্ষিতে তারা তাদের পদত্যাগপত্র সেনা পরিষদের কাছে জমা দিয়েছে।
কিন্তু তাদের সেই অব্যাহতিপত্র সেনা পরিষদ গ্রহণ করেনি বলে মন্ত্রিসভার মুখপাত্র মোহাম্মদ হেগাজি জানিয়েছিলেন।
এক বিবৃতিতে হেগাজি বলেন, “প্রধানমন্ত্রী এসাম শরাফের সরকার তাদের পদত্যাগপত্র সশস্ত্র বাহিনীর সুপ্রিম কাউন্সিলের কাছে হস্তান্তর করেছেন। তবে দেশের চলমান পরিস্থিতিতে পদত্যাগপত্র গ্রহণ না করা পর্যন্ত সরকার কাজ করবে।”
সেনাবাহিনীর এক সূত্র বিবিসিকে জানায়, মন্ত্রিপরিষদের অব্যাহতিপত্র বিষয়ে সেনাপরিষদ বৈঠক করছে। তবে সে বিষয়ে তষনও পর্যন্ত কিছু জানা যায়নি।
এ বিষয়ে পরিষদ অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করছে বলেও জানান তিনি।
এদিকে মঙ্গলবার আবারো গণবিক্ষোভের ডাক দেওয়ার পর স্বাধীনতা চত্ত্বরে (তাহরির স্কয়ার) প্রায় ২০ হাজার বিক্ষোভকারী সোমবার রাতভর অবস্থান করে।
মিশরের রাজধানীতে চলা গত কয়েকদিনের এ সংঘর্ষে ৩৩ জনেরও বেশি বিক্ষোভকারী নিহত ও প্রায় ১৮শ’ আহত হয়েছে বলে সোমবার কর্মকর্তারা জানান।
শনিবার পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ শুরু হয়। সেনাশাসকদের হাত থেকে বেসামরিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবিতে আন্দোলন করছে তারা।
কায়রোতে থাকা বিবিসির ইয়োলানডে নেল জানান, মন্ত্রিসভার পদত্যাগের খবর পাওয়ার পর স্বাধীনতা চত্ত্বরে অবস্থানরত জনগণ উল্লাস প্রকাশ করে।
এর আগে ওই চত্ত্বরের আশপাশে থাকা ব্যারিকেড ভেঙ্গে বিক্ষোভকারীরা দাঙ্গা পুলিশ ও সৈন্যদের লক্ষ করে পাথর ছুঁড়ে মারে। এরপর নিরাপত্তা রক্ষীরা লাঠিচার্জ করে ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে।
রাজধানী ছাড়াও আলেকজান্দ্রিয়াসহ দেশটির বিভিন্ন শহরেও বিক্ষোভের খবর পাওয়া গেছে।
অন্তর্বর্তী সরকারের প্রস্তাবিত সাংবিধানিক পরিবর্তন প্রকাশ করার পর বিক্ষোভের পরিপ্রেক্ষিতে শনিবার সহিংসতা শুরু হয়।
প্রস্তাবিত সাংবিধারিক পরিবর্তনের ওই নীতিমালা অনুযায়ী সেনাবাহিনী ও তার বাজেটের ওপর থেকে বেসরকারি পর্যবেক্ষণ বাদ দেওয়া হতে পারে।
এছাড়া সেনাবাহিনী রাষ্ট্রপতি নির্বাচন পিছিয়ে ২০১২ সালের শেষ নাগাদ বা ২০১৩ সালের শুরুর দিকে করার প্রস্তাব দেওয়ায় বিরোধীদের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনের পরই রাষ্ট্রপতি নির্বাচনের দাবি জানিয়েছে আন্দোলনকারীরা।
এক প্রতিবেদনে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মিশরের সেনা শাসকদের তীব্র সমালোচনা করেছে। তাদের অভিযোগ, সরকার মানবাধিকারের উন্নয়নে করা অঙ্গীকার পূরণে পুরোপুরি ব্যর্থ হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১০৫৫ ঘ.
bdnews24