ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-তুরস্কের হজ ফেরত যাত্রীদের বহনকারী একটি বাস সিরিয়ার উত্তরাঞ্চলে বন্দুক হামলার শিকার হয়েছে বলে জানিয়েছে তুর্কি গণমাধ্যম ও কর্মকর্তারা।
তুর্কি কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানায়, সিরিয়ার বিক্ষুব্ধ অঞ্চল হোমসের কাছে এ ঘটনা ঘটে। এতে বাস চালকসহ দুইজন আহত হয়েছে।
সিরীয় সেনারা এ হামলা চালিয়েছে বলে বাসের এক চালক জানিয়েছে।
বাসে থাকা দ্বিতীয় চালক এরহান সারমেলি জানান, বাসে ২৫ জন হজ ফেরত যাত্রী ছিল।
তিনি আরো জানান, আমরা একটি চেকপয়েন্টে থামলে বালুর বস্তার পেছন থেকে সিরীয় সেনারা বেরিয়ে আসে। আমরা তুর্কি শুনে তারা প্রধানমন্ত্রী রেসেপ তায়েপ এরদোয়ানকে অভিসম্পাত করে এবং অকস্মাৎ বাসে গুলি শুরু করে।
যাত্রীরা হজ শেষে মক্কা থেকে ফিরছিল। পরে তারা তুরস্কে ফিরে গেছে বলেও জানানো হয়েছে।
তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে হামলার বিষয়টি নিশ্চিত করে সিরিয়ায় তুর্কিদের সফরের বিষয়ে আবারও সতর্ক করে দেওয়া হয়েছে।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিরোধী বিক্ষোভকারীদের ওপর দমন পীড়ন চালানো বন্ধ করার আহ্বান জানানোয় দুপক্ষের মধ্যে উদ্বেগজনক সম্পর্ক বিরাজ করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৮৩১ঘ.
bdnews24