২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কম্বোডিয়া গণহত্যা: ৩ খেমারুজ নেতার বিচার শুরু

খেমারুজ শাসিত কম্বোডিয়ায় গণহত্যা চালানোর অপরাধে জীবিত শীর্ষ তিন খেমারুজ নেতার বিচার শুরু হয়েছে। গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে ৮০ বছরের বেশি বয়সী এ তিন নেতার বিরুদ্ধে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2011, 09:37 AM

Updated : 24 Aug 2022, 04:48 PM

কম্বোডিয়া, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- খেমারুজ শাসিত কম্বোডিয়ায় গণহত্যা চালানোর অপরাধে জীবিত শীর্ষ তিন খেমারুজ নেতার বিচার শুরু হয়েছে। গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে ৮০ বছরের বেশি বয়সী এ তিন নেতার বিরুদ্ধে। সোমবার জাতিসংঘ ও কম্বোডিয়ার এক যৌথ ট্রাইবুনালে এ তিন নেতার বিচার শুরু হয়। কম্বোডিয়ার মাওবাদী দল খেমারুজের এ তিন নেতা হলেন, খেমারুজ শাসিত কম্বোডিয়ার রাষ্ট্রপ্রধান খিউ সাম্পান, পররাষ্ট্রমন্ত্রী লেঙ্গ স্যারি ও ব্রাদার নম্বর টু হিসেবে পরিচিত নো চিয়ে। এদের প্রত্যেকেই খেমারুজের প্রধান নেতা পল পটের সহযোগী ছিলেন। কৃত অপরাধের বিচার চলাকালে ১৯৯৮ সালে পলপট মারা যান। ১৯৭৫ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত কম্বোডিয়ার ক্ষমতায় ছিলো খেমারুজ। এ সময় অন্তত ১৭ লক্ষ কম্বোডিয় নাগরিক প্রত্যক্ষ বা পরোক্ষ গণহত্যার শিকার হয়। ভিয়েতনামী বাহিনী ১৯৭৯ সালে কম্বোডিয়ায় অভিযান চালিয়ে ক্ষমতা থেকে খেমারুজদের উচ্ছেদ করে। গণহত্যার বিচারে ট্রাইবুনাল স্থাপনে ’৯০ এর দশকের মাঝামাঝি জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানায় কম্বোডিয়ার তৎকালীন সরকার। দীর্ঘদিন আলাপ-আলোচনার পর ২০০৬ সালে একটি যৌথ ট্রাইবুনাল স্থাপন করা হয়। তবে ব্যাপক এ গণহত্যার অপরাধে এখন পর্যন্ত মাত্র একজন অভিযুক্ত শীর্ষ খেমারুজ নেতা যিনি কমরেড ডাচ নামে পরিচিত ছিলেন, সেই কায়িং গুয়েক এভরই কেবল বিচার হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এবি/১৫৩৪ ঘ.