আফগানিস্তান, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানে ন্যাটো সেনাদের সঙ্গে সংঘর্ষে দুই আফগান পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে।
রাজধানী কাবুলের দক্ষিণপশ্চিমাঞ্চলের গজনি প্রদেশে শনিবার ভোররাতে এ ঘটনা ঘটেছে।
গজনির পুলিশ প্রধান জোরায়ার জাহিদ বলেন, রাত্রিকালীন অভিযান শুরু করতে যাওয়া সেনা সদস্যরা পুলিশ কর্মকর্তাদের থামার নির্দেশ অমান্য করায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশের সঙ্গে কোনো ধরনের সমন্বয় ছাড়াই রাতে ওই অভিযান চালাতে যায় তারা।
তিনি বলেন, "বিদেশি সেনারা রাতে অভিযান শুরুর পরিকল্পনা করছিলো। কিন্তু পুলিশ তাদের থামার নির্দেশ দিলে তারা তা অমান্য করায় ওই সংঘর্ষের ঘটনা ঘটে।"
এদিকে আফগানিস্তানে ন্যাটো নেতৃত্বাধীন ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিসট্যান্স ফোর্সের (আইএসএএফ) এক বিবৃতিতে বলা হয়েছে, "নিজেদেরকে মিত্র সেনা হিসেবে বোঝানোর বহু চেষ্টার পরও হুমকি বন্ধে ব্যর্থ হয়ে আত্মরক্ষার জন্য তারা সংঘর্ষে লিপ্ত হলে দুইজন নিহত হয়।"
বিদেশি সেনাদের কাছে আফগানিস্তানে জঙ্গিবিরোধী লড়াইয়ে রাত্রীকালীন অভিযান সবচেয়ে কার্যকর হলেও এ নিয়ে আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে তার পশ্চিমা মিত্রদের টানাপোড়েন চলছে।
এ ধরনের অভিযান বন্ধের জন্য ন্যাটো বাহিনীর প্রতি বারবার আহ্বান জানিয়ে আসছেন আফগান প্রেসিডেন্ট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএইচ/১৭৪৩ ঘ.
bdnews24