আম্মান, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)Ñ আরব লীগের প্রস্তাবিত শান্তি চুক্তির বাস্তবায়ন দেখতে শর্ত সাপেক্ষে পর্যবেক্ষক প্রবেশের অনুমতি দেবে সিরিয়া।
শুক্রবার আরব লীগের মহাসচিব নাবিল আল-আরাবি একথা জানিয়েছেন।
এদিকে শুক্রবারও জুম্মার নামাজের পর প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিরোধী বিক্ষোভে সরকারি বাহিনীর অভিযানে অন্তত ১১ জন নিহত হয়েছে।
প্রায় আট মাস ধরে সিরিয়া আসাদ বিরোধী বিক্ষোভ চলছে। চলতি বছর মার্চ থেকে চলা ওই বিক্ষোভে সরকারি বাহিনীর অভিযানে অন্তত সাড়ে তিন হাজার নিহত হয়েছে বলে জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে।
বিক্ষোভকারীদের ওপর দমন পীড়নের দায়ে বুধবার আরব লীগ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয় সিরিয়াকে। সেইসঙ্গে দমন পীড়ন বন্ধে শনিবার পর্যন্ত তিনদিনের সময় বেঁধে দেওয়া হয়। তা না হলে অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকিও দেয় আরব লীগ।
নাবিল আল আরাবি বলেন, "আরব লীগের পর্যবেক্ষক দলের আইনি মর্যাদা এবং কর্তব্য বিষয়ে সংশোধনীর খসড়াসহ সিরিয়া একটি চিঠি দিয়েছে, লীগ তা সতর্কতার সঙ্গে বিবেচনা করছে।"
এদিকে আরব লীগের প্রস্তাবের প্রতি সিরিয়ার ইতিবাচক পদক্ষেপের বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী অ্যালে জুপি। সেইসঙ্গে সিরিয়া আন্তর্জাতিক হস্তক্ষেপ একপাক্ষিক না হয়ে জাতিসংঘর মাধ্যমে হওয়া উচিত বলেও তিনি মনে করেন।
ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বলেন, দামেস্কর জন্য কঠোর নিষেধাজ্ঞা প্রয়োজন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/ জেকে/১৬১৫ ঘ.
bdnews24