২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারে নির্বাচনে দাঁড়াবেন সু চি

পার্লামেন্ট নির্বাচনের জন্য নিজের দলের নিবন্ধন করানোর ঘোষণা দিয়ে মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী জানালেন, নির্বাচনী লড়াইয়ে তিনি নিজেও নামবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2011, 11:51 AM

Updated : 24 Aug 2022, 04:47 PM

ইয়াঙ্গুন, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টাস)-মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সুচি বলেছেন, তিনি পার্লামেন্ট নির্বাচনে দাঁড়াবেন। সু চির দল শুক্রবার রাজনীতিতে ফেরা এবং আগামী নির্বাচনের জন্য নাম নিবন্ধন করার সিদ্ধান্ত নিয়েছে। সু চির নেতৃত্বাধীন বিরোধীদল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) এর আগে ২০১০ সালের নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচন বয়কট করে। ২০ বছরের মধ্যে মিয়ানমারে এটি ছিলো প্রথম নির্বাচন। তৎকালীন মিয়ানমার সরকার আইন করে নির্বাচনে সু চি'র অংশগ্রহণ নিষিদ্ধ করায় নির্বাচন বয়কট করে এনএলডি। আর এখন মিয়ানমারের বর্তমান সরকারের সাম্প্রতিক সংস্কার পদক্ষেপে আস্থা ফিরে পেয়ে এনএলডি'র আবার রাজনীতিতে ফেরার সিদ্ধান্ত নিয়েছে। ২০১০ সালের নির্বাচনে ক্ষমতায় আসা মিয়ানমারের নতুন সরকার এ বছর সু চির নির্বাচনে অংশগ্রহণের ওপর থেকে বাধা নিষেধ তুলে নেয়। এছাড়াও রাজবন্দিদের মুক্তি দেওয়াসহ গণমাধ্যমের ওপর কড়াকড়ি শিথিল করেছে সরকার। এরই পরিপ্রেক্ষিতে দলের সদস্যদের সঙ্গে বৈঠক করে রাজনীতিতে ফেরার সিদ্ধান্ত জানালো সু চি ও তার দল। রেঙ্গুনে এনএলডি'র ১শ ঊর্ধ্বতন সদস্যের বৈঠক শেষে দলের এক বিবৃতিতে বলা হয়েছে, ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি সর্বস্মতভাবে নতুন করে রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন করার সিদ্ধান্ত নিয়েছে এবং তারা আসন্ন উপ-নির্বাচনে অংশ নেবে। নির্বাচনের জন্য নিবন্ধন করলে যে কোনো দলকেই উপনির্বাচনে পার্লামেন্টের ৪৮ টি খালি আসনের মধ্যে অন্তত তিনটিতে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়। কিন্তু সু চি বলেন, উপ-নির্বাচনে তিনটি আসন নয় বরং ৪৮ টি আসনেই তার দলের অংশগ্রহণ চান তিনি। কারণ, এর মধ্য দিয়ে দু দশকেরও বেশি সময় পর এনএলডি'র পাশাপাশি তার নিজেরও জনপ্রিয়তার প্রথম নির্বাচনী পরীক্ষাটা হয়ে যাবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৪৬ ঘ.