ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোট জালিয়াতির অভিযোগে ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট গ্লোরিয়া অ্যারোইয়োকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, শুক্রবার রাজধানী ম্যানিলার একটি হাসপাতাল থেকে অ্যারোইয়োকে গ্রেপ্তার করা হয়। এর আগে নির্বাচন কমিশনের অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে দেশটির একটি আদালত।
২০০৭ সালের নির্বাচনে সিনেটের একটি আসনে এক সমর্থককে বিজয়ী করার জন্য তিনি ভোট কারচুপির আশ্রয় নেন বলে অভিযোগ করেছে নির্বাচন কমিশন।
অবশ্য এ অভিযোগ অস্বীকার করে অ্যারোইয়োর আইনজীবী ফার্ডিনান্ডস টোপাকিও বলেছেন, গ্লোরিয়া অ্যারোইয়োকে হেনস্তা করতেই বিষয়টি সাজানো হয়েছে।
২০০১ থেকে ২০১০ পর্যন্ত ফিলিপাইনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপালনকারী অ্যারোইয়োর বিদেশে যাওয়ার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে ফিলিপাইন সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/১৮১৩ ঘ.
bdnews24