আম্মান, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পক্ষত্যাগকারী সেনা সদস্যদের হামলার জবাবে সিরিয়ার উত্তরাঞ্চলের দুটি গ্রামে তিনঘন্টা একটানা গোলাবর্ষণ করেছে সিরীয় সরকারি বাহিনী। গত আট মাসের সরকারবিরোধী আন্দোলনে এই প্রথম কোথাও এতো দীর্ঘ সময় গোলাবর্ষণ করলো সরকারি বাহিনী।
বুধবার আরবলীগ সিরিয়াকে আনুষ্ঠানিকভাবে বহিষ্কার করার এবং সরকার বিরোধী আন্দোলন দমনে সহিংসতা বন্ধে তিনদিন সময় বেঁধে দেওয়ার একদিন পর বৃহস্পতিবার রাতে এই অভিযান চালানো হয়।
তাল মিন্নিজ ও মার্শহামশেন নামের ওই গ্রাম দুটি এবং আশপাশের খামার এলাকাগুলো লক্ষ্য করে ট্যাংক ও মর্টারের একটনা গোলাবর্ষণে আট গ্রামবাসী আহত হন বলে জানিয়েছে আন্দোলনকারীরা।
রায়েদ নামের এক আন্দোলনকারী বলেন, "এলাকার কয়েকশ পরিবার গ্রাম ছেড়ে পালিয়ে গেছে। বিদ্যুৎ সরবরাহ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।"
সিরিয়ায় বিদেশি সংবাদ মাধ্যমের কার্যক্রম নিষিদ্ধ থাকায় গোলাবর্ষণের বিষয়টি নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি।
সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম অবশ্য দাবি করেছে, ওই এলাকায় 'স্বাভাবিক পরিবেশ' ফিরিয়ে আনতে অভিযান চালাচ্ছে সরকারি সেনারা। এসময় ৫৮ জন ফেরারী ব্যক্তিকে গ্রেপ্তার এবং রাইফেল ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।
এই ঘটনার আগে দামেস্ক থেকে ২৯০ নব্বই কিলোমিটার উত্তরে মারাত আল নুমান শহরের ওয়াদি আল দিয়েফ এলাকায় সরকারী বাহিনীর একটি ভবনে হামলা চালায় পক্ষত্যাগকারী সেনা সদস্যরা।
গত বুধবারের ওই হামলায় সরকারী বাহিনীর অন্তত ৪০ জন সদস্য হহাহত হয় বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছে।
এছাড়া, বৃহস্পতিবার অন্তত ১০ জন বেসামরিক ব্যক্তি সরকারি সেনাদের হাতে নিহত হয়েছে বলে দাবি করেছে আন্দোলনকারীরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/জেকে/১৪৫৫ ঘ.
bdnews24