রোম, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইতালিতে অর্থনৈতিক সঙ্কট নিরসনের পরিকল্পনা জানিয়েছেন নতুন প্রধানমন্ত্রী মারিও মোন্তি। কয়েকটি শহরে ছাত্র বিক্ষোভ চলার মধ্যেই তিনি দেশে ঋণ সঙ্কট সামাল দেওয়ার পরিকল্পনা জানালেন।
ইতালিতে সামাজিক ক্ষেত্রে সমতা বজায় রেখেই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের ভারসাম্যপূর্ণ ব্যয়সঙ্কোচন পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন মোন্তি।
রোমে সিনেটরদের প্রধানমন্ত্রী বলেন, আগামী কয়েক সপ্তাহে ইতালি কি পদক্ষেপ নেবে তার ওপর ইউরোরও ভবিষ্যৎ নির্ভর করছে।
পার্লামেন্টের উচ্চ কক্ষ সিনেটে নতুন মন্ত্রিসভার ওপর আস্থা ভোটের আগে বৃহস্পতিবার মোন্তি তার এ পরিকল্পনা পেশ করলেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় আস্থা ভোট হওয়ার কথা রয়েছে। তাছাড়া, শুক্রবার পার্লামেন্টের নিু কক্ষে মন্ত্রিসভার ওপর আরেকটি আস্থা ভোটও হওয়ার কথা রয়েছে।
সিনেটরদের নতুন অর্থনৈতিক পরিকল্পনা জানিয়ে মোন্তি বলেন, তিনি কর ফাঁকি বন্ধ করাসহ কর ব্যবস্থা বদলাতে চান। সমাজে এক শ্রেণীর জন্য বৈষম্যমূলক পেনসন পদ্ধতিও তিনি বদলাতে চান বলে জানান।
মোন্তি বলেন, নারী ও তরুণদের কর্মসংস্থান সৃষ্টির জন্য তিনি বিভিন্ন কোম্পানিকে ইনসেনটিভ দেওয়ার ব্যবস্থা চালু করতে ইচ্ছুক।
"প্রয়োজনীয় সংস্কার কর্মসূচি বাস্তবায়নে ব্যর্থ হলে আমাদেরকেও আরো কঠিন শর্তের মুখোমুখি হতে হবে," বলেন তিনি।
তবে নতুন সরকার জনগণের আস্থা ফিরিয়ে আনবে বলে আশ্বাস দিয়েছেন মোন্তি।
ইতালির ১ দশমিক ৯ ট্রিলিয়ন ইউরো ঋণ কমানো ছাড়াও অর্থনৈতিক প্রবৃদ্ধি ফিরিয়ে আনার গুরু দায়িত্ব বর্তেছে সাবেক ইউরোপীয় কমিশনার মারিও মোন্তি ও তার নতুন মন্ত্রিসভার ওপর।
বুধবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে শপথ নেয় মোন্তির মন্ত্রিসভা।
ইতালির ইনতেসা সানপাওলো ব্যাংকের প্রধান নির্বাহী কোরাদো পাসেরাকে উন্নয়ন, অবকাঠামো এবং পরিবহন মন্ত্রী করা হয়েছে এবং অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নিজের কাঁধেই নিয়েছেন প্রধানমন্ত্রী।
মোন্তির এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজি ও ইউরো জোনের অর্থমন্ত্রী গ্র"পের চেয়ারম্যান জ্যঁ -ক্লদে জাংকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/২১৪৮ঘ.
bdnews24