আম্মান, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়া পরিস্থিতি গৃহযুদ্ধে রূপ নিচ্ছে। সামরিক ঘাঁটির গোয়েন্দা দপ্তরে হামলার ঘটনা দেশটিকে গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে গেছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভ।
দামেস্কের কাছে হারাস্তায় বিমান বাহিনীর গোয়েন্দা দপ্তরে বুধবার ভোররাতে পক্ষত্যাগী সেনাদলের বড় ধরনের হামলায় নিরাপত্তা বাহিনীর ২০ সদস্য নিহত হয়েছে বলে জানা গেছে। তবে এ খবর যাচাই করা যায়নি।
সিরিয়ায় প্রেসিডেন্ট আসাদ বিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর কোনো নিরাপত্তা স্থাপনায় এটাই সবচেয়ে বড় হামলা।
এ ঘটনার প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার লেভরভ বলেন, 'ফ্রি সিরিয়ান আর্মি'র এই হামলা সত্যিকার অর্থেই গৃহযুদ্ধের মতো।
সিরিয়া সরকার এবং বিরোধীদেরকে আলোচনায় বসার আহ্বান জানান তিনি।
সব দেশই সিরিয়া সঙ্কটের শান্তিপূর্ণ সামাধান আশা করছে জানিয়ে লেভরভ বলেন, তাদেরকে সব পক্ষকেই সহিংসতা বন্ধের আহ্বান জানাতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/২০৪২ঘ.
bdnews24