২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দমন-পীড়ন বন্ধে সিরিয়াকে সময় বেঁধে দিলো আরবলীগ

বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন বন্ধের জন্য সিরিয়া সরকারকে তিনদিন সময় বেঁধে দিয়েছে আরব লীগ। তিনদিনের মধ্যে নিপীড়ন বন্ধ না করলে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে সংস্থাটি। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2011, 09:56 AM

Updated : 24 Aug 2022, 04:47 PM

রাবাত, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টাস)- বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন বন্ধের জন্য সিরিয়া সরকারকে তিনদিন সময় বেঁধে দিয়েছে আরব লীগ। তিনদিনের মধ্যে নিপীড়ন বন্ধ না করলে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে সংস্থাটি। (আরো তথ্যসহ) বুধবার মরোক্কোর রাজধানী রাবাতে আরব লীগ পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে সিরিয়ার বহিষ্কারাদেশ কার্যকর করার পর নিপীড়ন বন্ধের এ সময়সীমা বেঁধে দেয়া হলো। কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ হামাদ বিন জসিম আল-থানিকে উদ্ধৃত করে বিবিসি জানিয়েছে, সহযোগিতা না করলে সিরিয়া নিষেধাজ্ঞার মুখে পড়বে । এদিকে আরবলীগের বৈঠক চলাকালে সিরিয়ায় আসাদ সমর্থক ক্ষুব্ধ জনতা দামেস্কে মরক্কো ও সংযুক্ত আরব আমিরাতের দূতাবাসে হামলা চালায়। এর পরপরই রাষ্ট্রদূতকে দেশে ডেকে পাঠায় মরক্কো। এছাড়া সিরিয়া থেকে ফ্রান্সও তাদের রাষ্ট্রদূত প্রত্যাহার করেছে। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী অ্যালে জুপি ফরাসি পার্লামেন্টে বলেছেন, "সিরিয়ায় নতুন নতুন সহিংসতার ঘটনা ঘটেই চলছে। এ কারণে আমি আলিপ্পো ও লাতাকিয়ায় আমাদের কন্স্যুলার দপ্তরসহ আমাদের সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো বন্ধ করে রাষ্ট্রদূতদের প্যারিসে ডেকে পাঠিয়েছি।" সিরিয়ায় সহিংসতা অবসানে আরবলীগ অক্টোবরের শেষদিকে সমঝোতার প্রস্তাব দিলে তাতে সম্মতি দেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। কিন্তু প্রস্তাব অনুযায়ী কাজ শুরু না করে দমন-পীড়ন চালিয়ে যাওয়ায় আরব লিগ সিরিয়াকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়। রক্তক্ষয় বন্ধে সিরিয়ার ওপর আন্তর্জাতিক চাপ বাড়তে থাকার মধ্যেই দেশটির সামরিক ঘাঁটির গোয়েন্দা দপ্তরে বুধবার হামলা চালায় পক্ষত্যাগকারী সেনারা। হামলায় ২০ জন নিরাপত্তা পুলিশ নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দা ও বিরোধীরা। পক্ষত্যাগকারী সেনা সংশ্লিষ্ট এক সূত্র জানিয়েছে, "পক্ষত্যাগকারী সেনারা রকেট থেকে নিক্ষেপণযোগ্য গ্রেনেড ও মেশিনগান থকে গুলি করে গোয়েন্দা ঘাঁটির বহির্দেয়ালের কাছে অবস্থান করা নিরাপত্তা পুলিশ মারতে পেরেছে।" আসাদের পদত্যাগের দাবিতে সিরিয়ায় আট মাস ধরে চলা আন্দোলনে সরকারী বাহিনীর কোনো কার্যালয়ে এটাই প্রথম বড় ধরনের হামলা। তবে এ হামলা সম্পর্কে সিরিয়া সরকারের কাছ থেকে কোনো নিশ্চিত খবর পাওয়া যায়নি। তাছাড়া, সিরিয়ায় বেশির ভাগ বিদেশি সংবাদ মাধ্যম নিষিদ্ধ হওয়ায় বিষয়টি নিরপেক্ষভাবে যাচাই করাও সম্ভব হয়নি। হামলার ২৪ ঘণ্টার মধ্যে অন্তত ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে অঞ্চলের বাসিন্দারা জানিয়েছে। ওদিকে, সরকারী বাহিনীর হাতে বুধবার আরো বিশজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানিয়েছে আন্দোলনকারীরা। নিহতদের মধ্যে ১১ জন হমসে, ৭ জন ইদলিবে এবং দেরা ও দামেস্কর শহরতলীতে আরো ২ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৫৫২ ঘ.