২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে কুয়েতে বিক্ষোভ

কুয়েতের প্রধানমন্ত্রী শেখ নাসের আল মোহাম্মদ আল সাবার পদত্যাগের দাবিতে কুয়েত পার্লামেন্টের সামনে বিক্ষোভ করেছে কয়েকশ নাগরিক। এসময় বিক্ষোভকারীদের একটি অংশ পার্লামেন্ট ভবনেও ঢুকে পড়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2011, 08:29 AM

Updated : 24 Aug 2022, 04:47 PM

কুয়েত, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্র্স)- কুয়েতের প্রধানমন্ত্রী শেখ নাসের আল মোহাম্মদ আল সাবার পদত্যাগের দাবিতে কুয়েত পার্লামেন্টের সামনে বিক্ষোভ করেছে কয়েকশ নাগরিক। এসময় বিক্ষোভকারীদের একটি অংশ পার্লামেন্ট ভবনেও ঢুকে পড়ে। বুধবার রাতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম ও প্রত্যক্ষদর্শীরা। দুর্নীতির অভিযোগে প্রধানমন্ত্রী শেখ নাসেরের পদত্যাগের দাবিতে কয়েক সপ্তাহ ধরেই বিক্ষোভ চলছে কুয়েতে। বুধবার বিরোধী দলের কয়েকজন পার্লামেন্ট সদস্যও বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেন। এসময় ডজনখানেক বিক্ষোভকারী নিরাপত্তারক্ষীদের ঠেলে পার্লামেন্ট ভবনে ঢুকে পড়ে। তারা বেরিয়ে এসে আবার বিক্ষোভে যোগ দিলে মিছিলকারীরা শ্লোগান দিতে থাকে, "প্রধানমন্ত্রীর পদত্যাগ চাই।" কুয়েতের কয়েকটি সংবাদ সংস্থা জানিয়েছে, বিক্ষোভ সামলাতে পার্লামেন্টের সামনে জড়ো হওয়া আন্দোলনকারীদের লাঠিপেটা করে পুলিশ। ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স দেখা গেলেও কেউ আহত হয়েছে কিনা তা জানা যায়নি। সরকার বিভিন্ন জনকল্যাণমূলক পদক্ষেপ নেওয়ায় মিসর, তিউনিসিয়ার মতো সরকারবিরোধী বিক্ষোভ এড়াতে পারলেও তেলসমৃদ্ধ এই দেশে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক অস্থিরতা চলছে। রাজ পরিবারের প্রভাবশালী সদস্য প্রধানমন্ত্রী শেখ নাসেরর বিরুদ্ধে শক্তিশালী হয়ে উঠছে বিরোধীরা। গত মে মাসে পার্লামেন্টের দুজন সদস্য শেখ নাসেরের বিরুদ্ধে জনকল্যাণ তহবিলের অর্থ ব্যবহারে অনিয়মের অভিযোগ আনেন পার্লামেন্টে। তবে তিনি অভিযোগ অস্বীকার করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/জেকে/১৪২৬ ঘ.