ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্যান্সারের চিকিৎসার জন্য নিজের 'ট্রেডমার্ক' দাড়ি বিসর্জন দিলেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুলা ডা সিলভা। কামিয়ে ফেলা হয়েছে তার চুলও।
বিবিসি জানিয়েছে, কণ্ঠনালীর ক্যান্সারে আক্রান্ত লুলাকে শিগগিরই দ্বিতীয় দফা কেমোথেরাপি দেওয়া হবে। আর এ চিকিৎসায় এমনিতেই তার চুল-দাড়ি পড়ে যাবে। এ কারণে স্ত্রী মারিসা লেটিসিয়াই লুলার জন্য ক্ষৌরকর্মটি করে দিয়েছেন।
লুলার অফিস তার যে ছবি প্রকাশ করেছে, তাতে দেখায় যায় চুল-দাড়ি কামিয়ে ফেলা হলেও 'অক্ষত' আছে ব্রাজিলের এই সফল নেতার গোঁফ।
চিকিৎসকদের উদ্ধৃত করে বিবিসি জানিয়েছে, লুলার সেরে ওঠার 'যথেষ্ট' সম্ভাবনা রয়েছে। কোনো জটিলতা ছাড়াই তার প্রথম দফার কোমোথেরাপি শেষ হয়েছে। রেডিয়েশন থেরাপি নেওয়ার আগে আরো তিনবার তাকে কেমো নিতে হবে।
৬৬ বছর বয়সী লুলা ডি সিলভা দুই মেয়াদে ব্রাজিলের প্রেসিডেন্টের দায়িত্ব পালন শেষে গত বছর অবসরে যান। তার নেতৃত্বে বিশ্ব অর্থনীতি ও রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অবস্থানে চলে আসে ব্রাজিল।
একসময় লুলার ধূমপান ও মদ্যপানের বিষয়টি ব্যাপকভাবে আলোচিত ছিল। ক্যান্সার ধরা পড়ার পর কিছুদিন আগে সিগারেটকে বিদায় জানান সাবেক এই রাজনীতিবিদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/১২০০ ঘ.
bdnews24