ওয়াশিংটন, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয় ও বাসভবন হোয়াইট হাউজের দিকে গুলি ছোড়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত শুক্রবার রাতে হোয়াইট হাউজে ওই গুলিবর্ষণের ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম অস্কার ওর্তেগা হার্নান্দেজ (২১)। তাকে ইন্ডিয়ানার একটি হোটেল থেকে গ্রেপ্তার করা হয় বলে গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন।
শুক্রবার গুলিবর্ষণের পর এফবিআই সদস্যরা ঘটনাস্থল থেকে হোয়াইট হাউজে আঘাত করা দুটি গুলি উদ্ধার করেন। এর মধ্যে একটি গুলি হোয়াইট হাউজের একটি জানালায় লাগে। তবে ওই ঘটনায় কেউ হতাহত হয়নি।
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা দপ্তরের মুখপাত্র এডউইন ডোনোভান বুধবার সকালে জানান, একটি গুলির আঘাতে ওই জানালার কাঁচ ভেঙে যায়। তবে ভিতরের দিকে ক্ষেপণাস্ত্র প্রতিরোধী কাঁচের বাধায় গুলিটি থেমে যায়।
অপর গুলিটি ভবনের বাইরের দিকের দেওয়ালে লাগে।
উদ্ধারকৃত গুলি দুটি হোয়াইট হাউজের দক্ষিণ পাশে পাওয়া যায়। ওই দিকেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ব্যক্তিগত শোবার ঘর এবং তার পরিবারের অন্যান্য ঘর।
প্রেসিডেন্ট প্রাসাদের দক্ষিণ দিকের ৭শ থেকে ৮শ মিটার দূর থেকে গুলি ছোড়া হলে এর শব্দ নিরাপত্তা কর্মীরা শুনতে পান। এর পরপরই ঘটনাস্থল থেকে দুটি গাড়িকে তীব্র বেগে চলে যেতে দেখা যায়।
পরে ওই দুটি গাড়ির একটিকে কাছাকাছি এক জায়গায় পরিত্যাক্ত অবস্থায় পাওয়া যায়। গাড়ি থেকে একটি স্বয়ংক্রিয় রাইফেল উদ্ধার করা হয়।
ঘটনার সময় প্রেসিডেন্ট ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামা ক্যালিফোর্নিয়ার সান ডিয়াগোতে বাস্কেটবল খেলা দেখছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/জেকে/১১১০ ঘ.
bdnews24