রোম, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)Ñনতুন মন্ত্রিসভা ঘোষণা করেছেন ইতালির প্রধানমন্ত্রী মারিও মোন্তি। বুধবার প্রেসিডেন্টর সঙ্গে সাক্ষাতের পর তিনি এ ঘোষণা দিলেন।
টানা দুই দিন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার পর মন্ত্রিসভার চূড়ান্ত তালিকা তৈরি করেন মোন্তি। ডানপন্থি দল নর্দান লীগ ছাড়া আর সবারই সমর্থন পান তিনি।
রাজনৈতিক দল, ইউনিয়ন ও কর্মীদের সঙ্গে বৈঠক শেষে মঙ্গলবার রাতে মোন্তি বলেন, "সরকারের কাঠামো তৈরি হয়ে গেছে।"
বুধবার তিনি প্রেসিডেন্ট জর্জিও নাপোলিতানোর সঙ্গে সাক্ষাৎ করে মন্ত্রিপরিষদ গঠনের কথা প্রেসিডেন্টকে আনুষ্ঠানিভাবে জানান।
পরে রোমের প্রেসিডেন্ট প্রাসাদেই ১৬ সদস্যের নতুন সরকার ঘোষণা করেন মোন্তি। এর মধ্যে রয়েছে তিন নারী সদস্য।
নতুন মন্ত্রিসভায় অর্থনৈতিক খাত মোন্তি নিজের হাতেই রেখেছেন।
অন্যান্য গুরুত্বপূর্ণ পদগুলোর মধ্যে অবকাঠামো এবং শিল্পমন্ত্রী করা হয়েছে কোররাডো পাসেরাকে এবং প্রধানমন্ত্রীর আন্ডার সেক্রেটারি করা হয়েছে এন্তোনিও ক্যাতরিকালাকে।
মন্ত্রিসভার মন্ত্রীদের নামের তালিকা ঘোষণা করে মোন্তি সাংবাদিকদের বলেন, তিনি ইতালিতে অর্থনৈতিক প্রবৃদ্ধি নতুন করে শুরু করতে চান।
নতুন মন্ত্রিসভা স্থানীয় সময় বিকাল ৫ টায় (১৬০০ জিএমটি) শপথ নেবে।
ইতালির নতুন এ সরকারের প্রধান কাজ হবে ইউরোপের তৃতীয় বৃহত্তম অর্থনীতির এ দেশটির অর্থনৈতিক সংকট মোকাবেলা করা।
মোন্তি সরকার এ সপ্তাহের শেষ দিকে নিজেদের কর্মসূচি ঠিক করে পার্লামেন্টে আস্থা ভোটের জন্য পাঠাবে বলে ধারণা করা হচ্ছে।
ইতালির পার্লামেন্টে শনিবার জরুরি ব্যয় সঙ্কোচন বিল পাশ হওয়ার পর প্রধনামন্ত্রী বার্লুসকোনি পদত্যাগ করলে রোববার মোন্তিকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন প্রেসিডেন্ট নাপোলিতানো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৯১৩ঘ.
bdnews24