বৈরুত, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)Ñ আরব লিগের সিরিয়াকে বহিস্কারের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে দামেস্ক। এ সিদ্ধান্ত 'চরম বিপজ্জনক পদক্ষেপ' বলে নিন্দা করেছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল মুয়াল্লেম।
তিনি বলেন, সিরিয়া সহিংসতার অবসান ঘটিয়ে বিরোধী শিবিরের সঙ্গে আলোচনা শুরুর জন্য আরব লিগের সঙ্গে করা চুক্তি বাস্তবায়নের পথে থাকার সময়টিতেই সংগঠন থেকে তাদেরকে বহিস্কার করার সিদ্ধান্ত 'চরম বিপজ্জনক পদক্ষেপ'।
আরব লিগ যুক্তরাষ্ট্রের প্ররোচনায় এ 'অবৈধ' সিদ্ধান্ত নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
সরকার এ চাপের মুখে কঠোর অবস্থান থেকে সরে আসবে না জানিয়ে মুয়াল্লেম বলেন, সিরিয়ার বিরুদ্ধে সব চক্রান্তই ব্যর্থ হবে।
দামেস্কয় এক টেলিভিশন ভাষণে তিনি বলেন, আটমাস ধরে চলা সহিংসতা বন্ধে দুই সপ্তাহ আগে আরব লীগের সঙ্গে হওয়া চুক্তি অনুসারে সিরিয়া শহরাঞ্চল থেকে সেনা প্রত্যাহার করাসহ রাজবন্দিদের মুক্তি দেওয়া এবং সশস্ত্র বিদ্রোহীদের প্রতি সাধারণ ক্ষমার প্রস্তাব দিয়েছে।
এ পরিস্থিতিতে আরব লীগের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ওয়াশিংটন 'উস্কানি' দিয়েছে বলে মন্তব্য করেন মুয়াল্লেম।
সিরিয়ায় সরকার বিরোধী বিক্ষোভকারীদের ওপর দমনপীড়ন চলতে থাকায় আরব লিগ শনিবার সিরিয়াকে সংগঠন থেকে বহিস্কারের সিদ্ধান্ত নেয়। ১৬ নভেম্বর থেকে তা কার্যকর হওয়ার কথা রয়েছে।
আরব লিগের এ সিদ্ধান্তর পরপরই সিরিয়ার কয়েকটি বিদেশি দূতাবাসে হামলা করে প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থকরা।
মুয়াল্লেম এ ঘটনার জন্য ক্ষমা চান। তছাড়া, জাতিসংঘে সিরিয়া বিষয়ক নিন্দা প্রস্তাব উত্থাপনের চেষ্টায় চীন ও রাশিয়া সমর্থন জানাবে না বলেও তিনি আস্থা প্রকাশ করেন।
মুয়াল্লেম বলেন, "সিরিয়া লিবিয়া নয়। লিবিয়ার ঘটনার পুনরাবৃত্তি হবে না।"
সিরিয়ায় পশ্চিমা আগ্রাসনের সম্ভাবনাও নাকচ করেন তিনি। সিরিয়ার বিরোধী দল ও সমাজের সর্বস্তরের সম্পৃক্ততায় সংলাপের আয়োজন করা হচ্ছে জানিয়ে মুয়াল্লেম বলেন, "আমরা সংকট নিরসনের প্রাথমিক ধাপে পৌঁছে গেছি ।"
জাতিসংঘ হিসাব অনুযায়ী, সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিরোদী বিক্ষোভে এ পর্যন্ত প্রায় সাড়ে তিন হাজার মানুষ নিহত হয়েছে।
কিন্তু সিরিয়া এ সহিংসতার জন্য সশস্ত্র বিদ্রোহীরা দায়ী দাবি করে এতে প্রায় ১ হাজার ১শ' সেনা ও পুলিশ নিহত হয়েছে বলে দাবি করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৯৪৪ঘ.
bdnews24