করোলিয়োভ, রাশিয়া, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)Ñদুই রুশ ও এক মার্কিন নভোচারী নিয়ে সোমবার নতুন করে কাজাখস্তান থেকে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের দিকে রওয়ানা হয়েছে রাশিয়ার মহাকাশযান।
চলতি বছর অগাস্টে মানুষবিহীন একটি রকেট বিধ্বস্ত হওয়ার পর এটিই সয়ুজ মহাকাশযানের প্রথম অভিযান। ওই দুর্ঘটনার পর মানুষবাহী মহাকাশযান পাঠানো প্রায় তিনমাসের জন্য বন্ধ ছিলো।
এ বছর জুলাইয়ে নাসা মহাকাশে খেয়াযান পাঠানোর কর্মসূচি সমাপ্ত ঘোষণা করার পর এই প্রথম মহাকাশে কোনো যান পাঠানো হল।
কাজাখস্তানে রাশিয়ার বৈকোনুর রকেট উৎক্ষেপণ কেন্দ্র থেকে স্থানীয় সময় ৮টা ১৪ মিনিটে (গ্রিনিচ মান সময় ৪টা ১৪ মিনিট) তিন নভোচারীকে নিয়ে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের উদ্দেশ্যে যাত্রা করেছে যানটি।
নিরাপদে যানটির কক্ষপথে প্রবেশের খবর জানান ফ্লাইট ইঞ্জিনিয়ার এন্টোন স্কাপলেরভ।
ওদিকে, মহাকাশযানের নভোচারীরা তখন ক্যামেরার দিকে বুড়ো আঙুল উঁচু করে সংকেত পাঠিয়ে বলেন, "সবকিছু স্বাভাবিক। আমরা ভাল আছি।" মিশন নিয়ন্ত্রণ কেন্দ্রের সবাই এ সময় উল্লাসে ফেটে পড়ে।
কিন্তু এর আগে মহাকাশ কেন্দ্রে রসদ সরবরাহের কাজে নিয়োজিত একইরকম রুশ-নির্মিত একটি সয়ুজ রকেট ২৪ অগাস্ট উৎক্ষেপণের পরপরই বিধ্বস্ত হয়।
আর একারণেই মাহাকাশ কেন্দ্রে মহাকাশযান পাঠানো এ পর্যন্ত বন্ধ ছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬১৪ঘ.
bdnews24