২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেক্সিকোয় স্বরাষ্ট্রমন্ত্রীর মৃত্যু 'দুর্ঘটনা'

মেক্সিকোর স্বরাষ্ট্রমন্ত্রী ফ্রান্সিসকো ব্লেককে বহনকারী হেলিকপ্টারটি সম্ভবত ঘন কুয়াশার কারণে দুর্ঘটনায় পড়েছিলো। এতে ব্লেকের সঙ্গে হেলিকপ্টারের অপর ৭ আরোহী নিহত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2011, 02:59 PM

Updated : 24 Aug 2022, 04:45 PM

মেক্সিকো সিটি, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মেক্সিকোর স্বরাষ্ট্রমন্ত্রী ফ্রান্সিসকো ব্লেককে বহনকারী হেলিকপ্টারটি সম্ভবত ঘন কুয়াশার কারণে দুর্ঘটনায় পড়েছিলো। এতে ব্লেকের সঙ্গে হেলিকপ্টারের অপর ৭ আরোহী নিহত হয়। তদন্তের প্রাথমকি ফলে এমনটিই ধারণা করা হচ্ছে বলে জানিয়েছেন মেক্সিকোর কর্মকর্তারা। শনিবার দেশটির যোগাযোগ ও পরিবহন মন্ত্রী দিওনিসিও পেরেজ-জ্যাকোমি এক সংবাদ সম্মেলনে দুর্ঘটনার কারণ হিসেবে কুয়াশার কথা বলেন। তিনি বলেন, দুর্ঘটনার বিষয়ে পুরোমাত্রায় তদন্ত চলছে। তবে প্রাথমিক অনুসন্ধানে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়াকে দুর্ঘটনা বলেই মনে হচ্ছে। "প্রথমাবস্থায় ঘটনার ব্যাপারে আমাদের কাছে কোন তথ্য ছিলো না, তাই ঘটনাটিকে নিছক একটি দূর্ঘটনা ছাড়া অন্য কিছু ভাবার অবকাশ ছিল," বলেন তিনি। মন্ত্রীর এ মন্তব্য সংবাদপত্রে প্রকাশিত এক প্রতিবেদনের সঙ্গে বিরোধ তৈরি করেছে। ওই প্রতিবেদনটিতে সংসদীয় এক তদন্তের উল্লেখ করে বলা হয়েছিলো, পাইলটের ভুলে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে। শুক্রবার মেক্সিকো সিটির ৬০ মাইল দক্ষিণে অবস্থিত কুয়েরনাভাকা এলাকায় এক অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ব্লেক। তখনই তাকে বহনকারী হেলিকপ্টারটি দুর্ঘটনার শিকার হয়। ব্লেক দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মেক্সিকোর অত্যন্ত ক্ষমতাবান মাদক চক্রের বিরুদ্ধে লড়াইয়ে প্রেসিডেন্ট ক্যালদেরনের বিশ্বস্ত সহচর হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ৪৫ বছর বয়স্ক ব্লেক, ফিলিপ ক্যালদেরনের নেতৃত্বে মেক্সিকোর স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বপালন করা দ্বিতীয় ব্যক্তি যিনি আকাশযান বিধ্বস্ত হয়ে নিহত হলেন । একারণে তার মৃত্যুর সঠিক কারণ নিয়ে জনমনে সন্দেহ দেখা দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এবি/এলকিউ/২০৩৩ঘ.