হনুলুলু, হাওয়াই, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- হাওয়াইয়ের এপেক সম্মেলনে আন্তঃপ্রশান্ত মহাসাগরীয় মুক্ত বাণিজ্য অঞ্চল গড়ে তোলার পরিকল্পনা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। কিন্তু চীন এতে ঘোরতর আপত্তি জানিয়েছে।
এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনে ওবামা বলেন, "আমরা এ কাজটি করতে পারবো বলেই বিশ্বাস করি।"
এপেকের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে নয়টি রাষ্ট্র 'ট্রান্স-প্যাসিফিক পার্টনারশীপ' (টিপিপি) নিয়ে আলোচনায় যোগ দিলেও চীন এখন পর্যন্ত এতে অংশ নেওয়ার আগ্রহ দেখায়নি।
বিশ্ব বাণিজ্যর মোট ৪৪ শতাংশই এপেকের ২১টি দেশের মধ্যে হয়ে থাকে। এছাড়া বিশ্বে জনসংখ্যার ৪০ শতাংশও এ অঞ্চলের।
শনিবার হনুলুলুতে ওবামা বলেন, "আমরা একসঙ্গে রপ্তানি বাড়াতে পারি, ভোক্তাদের জন্য পণ্য আরো সুলভ করতে পারি। সেইসঙ্গে নতুন চাকরি ক্ষেত্র সৃষ্টি করা এবং প্রতিযোগিতা করে ভবিষ্যতে বাজারও দখল করতে পারি।"
এপেক অঞ্চলকে প্রবৃদ্ধির চালিকাশক্তি আখ্যা দিয়ে আগামী বছরেই টিপিপি চুক্তি চূড়ান্ত করে ফেলারও আশা প্রকাশ করেছেন ওবামা।
বাণিজ্য চুক্তিটি সম্পর্কে বিস্তারিত না জানালেও তিনি বলেন, প্রস্তাবিত মুক্ত বাণিজ্য অঞ্চল অন্যান্য বাণিজ্য চুক্তির ক্ষেত্রে এবং সর্বপোরি এ অঞ্চলের জন্য মডেল হিসেবে কাজ করবে।
কিন্তু চীন টিপিপি চুক্তি নিয়ে কোনো আগ্রহ দেখাচ্ছে না। তারা বিদ্যমান বিশ্ব বাণিজ্যের ধারা বজায় রেখে চলতেই বেশি আগ্রহ প্রকাশ করেছে।
চীনের প্রেসিডেন্ট হু জিনতাও এপেক সম্মেলনের ফাঁকে ব্যবসায়ী নেতাদের সঙ্গে আলাপকালে বলেছেন, চীন এর আগে প্রস্তাবিত এপেক-অঞ্চলের মুক্ত বাণিজ্য অঞ্চলই (এপেক-ওয়াইড ফ্রি ট্রেড জোন) সমর্থন করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৮২১ঘ.
bdnews24