কায়রো, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সরকারবিরোধী বিক্ষোভকারীদের ওপর দমনপীড়ন অব্যাহত রাখায় সিরিয়াকে বহিস্কারের সিদ্ধান্ত নিয়েছে আরব লীগ। আগামী ১৬ নভেম্বর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
কাতারের প্রধানমন্ত্রী শেখ হামাদ বিন জাসেম বলেছেন, প্রেসিডেন্ট বাশার আল-আসাদের নেতৃত্বাধীন সরকারের ওপর রাজনৈতিক ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করবে আরব লীগ।
এছাড়া দামেস্ক থেকে রাষ্ট্রদূত প্রত্যাহারের জন্য সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে বলে জানান তিনি।
শনিবার কায়রোয় আরব লীগের সদস্য রাষ্ট্রগুলোর ভোটে সিরিয়াকে বহিস্কারের সিদ্ধান্ত হয়। সংস্থাটির ১৮টি সদস্য রাষ্ট্রের মধ্যে সিরিয়া, লেবানন ও ইয়েমেন সিরিয়াকে বহিষ্কারের বিপক্ষে ভোট দেয় এবং ইরাক ভোটদানে বিরত থাকে। বাকি ১৪ সদস্য দেশের ভোটে প্রস্তাবটি পাস হয়।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের দাবিতে চলমান আন্দোলনে নিরাপত্তা বাহিনীর সহিংসতার এখন পর্যন্ত তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/এএইচ/পিডি/২১২৫ ঘ.
bdnews24