আম্মান, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ায় ২০ জনকে হত্যা করেছে সরকারী বাহিনী। প্রতিক্রিয়ায় সরকারবিরোধী আন্দোলনকারীরা অব্যাহত সহিংতার পরিপ্রেক্ষিতে আরব লিগে সিরিয়ার সদস্যপদ স্থগিতের আহ্বান জানিয়েছে ।
শুক্রবার দেশটির মধ্যাঞ্চলীয় হমস, দক্ষিণাঞ্চলীয় হামা ও উত্তরাঞ্চলীয় ইদলিব প্রদেশে হত্যাকান্ডের ঘটনাগুলো ঘটে।
সবচেয়ে বেশি দশজন নিহত হয় হমসে। হমসের আন্দোলনকারীরা জানান, সরকারী বাহিনী নয়জন বেসামরিক ব্যক্তি ও পক্ষত্যাগকারী এক সেনাকে হত্যা করেছে। নিহত বেসামরিক ব্যক্তিদের মধ্যে ৬৩ বছরের এক বৃদ্ধও রয়েছেন বলে জানিয়েছে আন্দোলনকারীরা।
গত মার্চে প্রেসিডেন্ট আসাদ বিরোধী আন্দোলন শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত হমস প্রদেশেই সবচেয়ে বেশি মানুষ নিহত হয়েছে।
ইন্টারনেটে প্রকাশিত এক ভিডিও ফুটেজে দেখা যায়, হোমস প্রদেশের দেইর বাআলবা জেলায় এক সমাবেশে উপস্থিত সরকার বিরোধী আন্দোলনকারীরা চিৎকার করে বলছে, "জনগন চায়, সিরিয়ার সদস্যপদ স্থগিত হোক।" শনিবার কায়রোতে অনুষ্ঠীতব্য ২২ সদস্যের আরবলীগের বৈঠকের উদ্দেশ্যে তাদের এ আহ্বান।
আরব লীগ প্রস্তাবিত এক পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন শহর থেকে সেনা প্রত্যাহার, রাজবন্দিদের মুক্তি ও বিরোধী দলের সঙ্গে আলোচনা শুরু করার অঙ্গীকার করেছিলো সিরিয়া গত ২ নভেম্বর । কিন্তু এরপর শুধু হমসেই সরকারী বাহিনীর হাতে ১শ'রও বেশি ব্যক্তি নিহত হয় বলে শুক্রবার মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
হিউম্যান রাইটস ওয়াচও সিরিয়ার সদস্যপদ বাতিলে আরব লীগের প্রতি আহ্বান জানিয়েছে। পাশাপাশি সংিসতার জন্য দায়ীদের ওপর নিষেধাজ্ঞা আরোপে জাতিসংঘের প্রতি অনুরোধ ও সিরিয়াকে আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠানোরও আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থাটি।
এদিকে সিরিয়ার সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, 'সশস্ত্র সন্ত্রাসী সংগঠন' এর হামলায় হোমস, হামা ও ইদলিব প্রদেশে দুজন পুলিশ ও চার বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। এছাড়া দেশের বিভিন্ন স্থানে বেশকিছু বিস্ফোরক বস্তুও নিষ্ক্রিয় করা হয়েছে বলে জানায় তারা।
সিরিয়ার আরব লীগ প্রতিনিধির বরাত দিয়ে সংবাদ সংস্থাটি জানায়, আরবলীগের পরিকল্পনা বাস্তবায়নে সিরিয়া সরকার 'আন্তরিক' রয়েছে এবং প্রস্তাবিত পরিকল্পনার অধিকাংশই বাস্তবায়ন করেছে ।
দেশটিতে চলমান সহিংসতার জন্য সশস্ত্র গোষ্ঠিগুলোকে দায়ী করে সিরিয়া জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর ১১শ' সদস্যকে হত্যা করা হয়েছে।
তবে দেশটিতে অধিকাংশ বিদেশী গণমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করায় সিরিয়ায় প্রকৃত কি ঘটছে তার সঠিক তথ্য পাওয়া সম্ভব হচ্ছেনা।
বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম/এফএফ/এবি/১৪২৫ ঘ.
bdnews24