এথেন্স, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অর্থ সঙ্কটে দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে থাকা গ্রিসের নতুন জোট সরকারের প্রধানমন্ত্রী হিসেবে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ভাইস চেয়ারম্যান লুকাস পাপাদেমোসের নাম ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার গ্রিসের প্রেসিডেন্টের দপ্তরের ঘোষণায় বলা হয়, পাপাদেমোসের নেতৃত্বে নতুন এই 'ঐকমত্যের সরকার' শুক্রবার দুপুরে শপথ নেবে।
জর্জ পাপা›দ্রুর উত্তরসূরি লুকাস পাপাদেমোস এক বিবৃতিতে বলেন, "আমরা যে সিদ্ধান্ত নেব, তা হবে গ্রিসের স্বার্থে। এ কাজ সহজ হবে না। তবে আমার দৃঢ় বিশ্বাস, ঐক্য আর পারস্পরিক বোঝাপড়ার মধ্য দিয়ে সঠিক পথে অগ্রসর হওয়া গেলে দ্রুতই এ সঙ্কটের অবসান হবে।"
ইউরোপের দেশগুলোতে, বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে পরিচিত পাপাদেমোস বলেন, আগামী নির্বাচন অনুষ্ঠানের আগে তার সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হবে ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে ১৩০ বিলিয়ন ঋণ নেওয়ার জন্য চুক্তি করা।
ইউরোপীয় ইউনিয়নের চাপে গত সোমবার পদ ছেড়ে নতুন কোয়ালিশন সরকার গঠনের ঘোষণা দেন প্রধানমন্ত্রী পাপা›দ্রু। কিন্তু নতুন প্রধানমন্ত্রী কে হবেন- তা নিয়ে এরপর থেকেই ক্ষমতাসীন ও বিরোধী দলের মধ্যে দর কষাকষি চলতে থাকে।
শেষ পর্যন্ত প্রেসিডেন্ট কার্লোস পাপুলিয়াসের মধ্যস্থতায় বৃহস্পতিবার পাপাদেমোসকে এই দায়িত্ব দেওয়ার বিষয়ে একমত হয় দুই পক্ষ।
গত বছর গ্রিসের সরকারি বন্ডের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর বিনিয়োগকারীদের টাকা ফেরত দিতে গিয়ে দেউলিয়া হওয়ার উপক্রম হয় দেশটির সরকারের। ওই অবস্থায় ইউরোপীয় ইউনিয়নের কাছ থেকে মোটা অংকের ঋণ নিয়ে তাৎক্ষণিকভাবে পরিস্থিতি সামাল দেওয়া হলেও বিপুল পরিমাণ সরকারি ঋণ আর বেকারত্বের কারণে ইউরোপের এই দেশটিতে রাজনৈতিক অসন্তোষ দিন দিন বাড়তে থাকে।
ফলে এক বছরের মাথায় ইউরোপীয় ইউনিয়নের কাছে দ্বিতীয় দফা হাত পাততে হয় গ্রিস সরকারকে। কিন্তু নতুন করে ১৩০ বিলিয়ন ইউরো ঋণ চাওয়ার পর কঠোর ব্যয় সঙ্কোচনের শর্ত দেয় ইউরোপীয় ইউনিয়ন।
এই শর্ত মেনে ঋণ নেওয়া হবে কি না তা ঠিক করতে গণভোটের প্রস্তাব দেন পাপা›দ্রু। কিন্তু এ নিয়ে নিজের দলেও তোপের মুখে পড়েন তিনি। শেষ পর্যন্ত পার্লামেন্টে আস্থা ভোটের মুখোমুখি হতে হয় তাকে।
গত শনিবার আস্থা ভোটে কোনোক্রমে উৎরে গেলেও ইউরোপীয় ইউনিয়ন পাপা›দ্রুকে সাফ জানিয়ে দেয়, ঋণ পেতে হলে বিরোধী দলের সঙ্গে সমঝোতায় এসে ঐক্যমত্যের সরকার গঠনের বিষয়ে স্পষ্ট ঘোষণা দিতে হবে তাকে।
এই পরিপ্রেক্ষিতে রোববার গভীর রাতে প্রধান বিরোধী দলীয় নেতা এন্টনিস সামারিসের সঙ্গে পাপা›দ্রুর সমঝোতা বৈঠকের পর প্রেসিডেন্টের দপ্তর থেকে জানানো হয়, গ্রিসে ঐক্যমত্যের সরকার হচ্ছে।
এই সরকারের প্রধান হিসেবে দেশকে অর্থনৈতিক বিপর্যয় থেকে রক্ষার পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নে গ্রিসের সদস্যপদ টিকিয়ে রাখার ক্ষেত্রেও পরীক্ষায় বসতে হবে লুকাস পাপাদেমোসকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেকে/১৩২০ ঘ.
bdnews24