লস এঞ্জেলস, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ২০১১ সালে বিশ্বের গণমাধ্যমে সবচেয়ে বেশি ব্যবহৃত নামের মধ্যে শীর্ষে রয়েছেন অ্যাপলের প্রয়াত সহপ্রতিষ্ঠাতা স্টিভ জবসের নাম। সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দবন্ধ হিসেবে শীর্ষে রয়েছে 'আরব বসন্ত' ও 'রাজকীয় বিয়ে'।
স¤প্রতি ইংরেজিভাষী গণমাধ্যমগুলো নিয়ে যুক্তরাষ্ট্রের টেক্সাসভিত্তিক প্রতিষ্ঠান গ্লোবাল ল্যাঙ্গুয়েজ মনিটর পরিচালিত এক বিশ্ব জরিপের ফলাফলে এ বিষয়টি প্রকাশ পায়। বুধবার জরিপের ফলাফল প্রকাশ করা হয়।
সবচেয়ে বেশি ব্যবহৃত একক শব্দ হিসেবে শীর্ষে রয়েছে 'দখল' (অকুপাই) ও 'ঘাটতি' (ডেফিসিট)। ২০১১ সালে এ শব্দ দুটির ব্যাপক ব্যবহার অস্থির এক বিশ্বের ছবি তুলে ধরেছে। 'দখল' শব্দটি ইরাকের ক্ষেত্রে যেমন সত্য, একই রকম সত্য বিশ্ব অর্থ বাজারের কেন্দ্রস্থল ওয়াল স্ট্রিটের ক্ষেত্রেও। 'ওয়াল স্ট্রিট দখল করো' আন্দোলনের অসামান্য গ্রহণযোগ্যতাই 'দখল' শব্দটিকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়।
আর 'ঘাটতি' ইদানিং পশ্চিমা বিশ্বের প্রধান শব্দে পরিণত হয়েছে। বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র থেকে শুরু করে ইউরোপের অনেক দেশের ক্ষেত্রেই 'ঘাটতি' শব্দটির তুমুল ব্যবহার হচ্ছে।
নামের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতায় স্টিভ জবসের নামটি চলতি বছর নিহত আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের নামকে অতিক্রম করে যায়। স্টিভ জবস অক্টোবরে ৫৬ বছর বয়সে আট বছর ক্যান্সারের সাথে লড়াই করে চির বিদায় নেন।
চলতি বছর শুরু হওয়া আরব বিশ্বের গণজাগরণকে চিহ্নিত করতে পশ্চিমা গণমাধ্যমগুলো 'আরব বসন্ত' শব্দবন্ধের ব্যবহার শুরু করে। শব্দবন্ধটির শীর্ষে থাকা বিশ্বব্যাপী আরব গণজাগরণের ব্যাপক আলোড়নকে নির্দেশ করে।
আর চলতি বছরের এপ্রিলে ব্রিটেনের যুবরাজ প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের বিয়ে নিয়ে বিশ্ব গণমাধ্যমের ব্যাপক মনোযোগ 'রাজকীয় বিয়ে' শব্দবন্ধটিকে শীর্ষে তুলে আনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৫১৯ ঘ.
bdnews24