২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থ সংকটে লিবিয়ার নতুন সরকার

লিবিয়ার নবনির্বাচিত প্রধানমন্ত্রী আব্দুর রাহিম আল কিব অর্থ মন্ত্রণালয়ে বৈঠক করার সময় গাদ্দাফিবিরোধী যোদ্ধারা কাজ ও বেতনের দাবিতে বিক্ষোভ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2011, 08:59 AM

Updated : 24 Aug 2022, 04:44 PM

ত্রিপোলি, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার নবনির্বাচিত প্রধানমন্ত্রী আব্দুর রাহিম আল কিব অর্থ মন্ত্রণালয়ে বৈঠক করার সময় গাদ্দাফিবিরোধী যোদ্ধারা কাজ ও বেতনের দাবিতে বিক্ষোভ করেছে। বুধবার লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে এ ঘটনা ঘটে। পরে বৈঠক ছেড়ে এসে প্রধানমন্ত্রী আল কিব, সরকারের অর্থ সংকটের কথা জানিয়ে বিক্ষুব্ধ যোদ্ধাদের শান্ত করেন। এ বিষয়ে আল কিব রয়টার্সকে জানান, আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে বিদেশের ব্যাংকে আটকে থাকা মুয়াম্মার গাদ্দাফির গচ্ছিত শত শত কোটি ডলার ছাড় করানোর জন্য তিনি পশ্চিমা মিত্র দেশগুলোর কাছে অনুরোধ জানিয়েছেন। অর্থগুলো ফেরত পেলে সরকার তার পাওনা পরিশোধ করতে পারবে। গত সপ্তাহে লিবিয়ার জাতীয় অন্তর্বর্তী পরিষদ (এনটিসি) আল কিবকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচন করে। নির্বাচিত হওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর সামনে তিনি একই ধরনের কথা বলেছিলেন। "লিবিয়ার নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য প্রয়োজন এখন নগদ অর্থের। পশ্চিমা দেশগুলোতে লিবিয়ার আটক অর্থ ছাড় করার জন্য আমরা সংশ্লিষ্ট দেশগুলোর কাছে অনুরোধ জানিয়েছি। আটক ওই অর্থ আমাদের নিজস্ব সম্পদ। আমরা কারো কাছে ঋণ ভিক্ষা করছি না," বলেছিলেন আল কিব। ৪২ বছর ধরে একচ্ছত্র লিবিয়া শাসনকারী গাদ্দাফিকে উচ্ছেদ করা এনটিসির হাজার হাজার যোদ্ধা এখন রাজধানী ত্রিপোলির আশপাশের শিবিরে বসবাস করছে। তারা নতুন সরকারকে সেনাবাহিনী গঠন করে তাতে তাদের অন্তর্ভূক্ত করার জন্য চাপ সৃষ্টি করছে। তারা দেশ গঠনে সরকারি কর্মসূচির অংশ হতে চায়, কাজ চায়, বাজেট চায়। অর্থ মন্ত্রণারয়ের সামনে জড়ো হওয়া সশস্ত্র এনটিসি যোদ্ধারা স্লোগান দেয়, "না, না, না, গাদ্দাফির মতো করে না, না !" মেগাফোনে বক্তৃতারত এক যোদ্ধা চিৎকার করে বলে, "আমাদের সামনে কোন নির্দেশনা নেই। সরকার জানে না তারা কি করছে।" আট মাস যুদ্ধের পর ক্ষমতা পালা বদল হলেও সরকারের অর্থ সংকট এখন অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। বিভিন্ন গুজব ভেসে বেড়াচ্ছে ত্রিপোলির বাতাসে। তবে তারপরও নতুন প্রধানমন্ত্রী যখন বৈঠক ছেড়ে বিক্ষোভরতদের মাঝে উপস্থিত হন তারা তাকে স্বাগত জানায়। কিব তাদের বুঝিয়ে শান্ত করতে সমর্থ হন। সরকারের সম্পদের সীমাবদ্ধতার কথা বিক্ষোভরত যোদ্ধাদের স্মরণ করিয়ে দেওয়ার সময় তিনি প্রতিশ্র"তি দিয়ে বলেন, "এমন কর্মসূচী গ্রহণ করা হচ্ছে যার মধ্যে বিপ্লবী বাহিনীসহ নাগরিক সব সংস্থাকেই অন্তর্ভূক্ত করা হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪৪৬ ঘ.