২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সার্ক শীর্ষ সম্মেলন গুরুত্ব পাচ্ছে যোগাযোগ বৃদ্ধি, দুর্যোগ মোকাবিলা

ঐক্য জোরদার করতে 'সেতুবন্ধ' রচনার প্রত্যাশা নিয়ে বৃহস্পতিবার মালদ্বীপের আদ্দু দ্বীপে শুরু হচ্ছে সপ্তদশ সার্ক শীর্ষ সম্মেলন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2011, 05:09 AM

Updated : 24 Aug 2022, 04:44 PM

ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঐক্য জোরদার করতে 'সেতুবন্ধ' রচনার প্রত্যাশা নিয়ে বৃহস্পতিবার মালদ্বীপের আদ্দু দ্বীপে শুরু হচ্ছে সপ্তদশ সার্ক শীর্ষ সম্মেলন। এবারের সম্মেলনে গুরুত্ব পাচ্ছে সদস্য দেশগুলোর মধ্যে যোগাযোগ বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা এবং জলকবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার বিষয়গুলোও। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সার্কের আট সদস্য দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা এ সম্মেলন উপলক্ষে বুধবারই মালদ্বীপে পৌঁছেছেন। মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ বিমানবন্দরে তাদের বরণ করে নেন। সার্কের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, আদ্দু দ্বীপের ইকুইটোরিয়াল কনভেনশন সেন্টারে স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে শুরু হচ্ছে শীর্ষ সম্মেলন। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য 'সেতুবন্ধ রচনা'। আর তা রাজনৈতিক সংলাপ এবং যোগাযোগ বৃদ্ধি- দু পর্যায়েই। এই সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি দ্বিপক্ষীয় বৈঠকে তিস্তা নদীর পানি বণ্টন নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে শেখ হাসিনা ও মনমোহন সিংয়ের মধ্যে। শীর্ষ সম্মেলন সামনে রেখে সার্কের পররাষ্ট্র সচিবদের বৈঠক বসে মঙ্গল ও বুধবার। সেখানে সিদ্ধান্ত হয়, চলতি মাসের শেষে দক্ষিণ আফ্রিকার ডারবানে অনুষ্ঠেয় জলবায়ু সম্মেলনে অভিন্ন অবস্থান নেবে সার্কভুক্ত দেশষগুলো। এ বিষয়ে একটি খসড়াও তৈরি করা হয় বৈঠকে। শীর্ষ সম্মেলন শেষে দক্ষিণ এশীয় নেতারা এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। এছাড়া বুধবার সার্ক দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ইউনিসেফের পক্ষ থেকে আঞ্চলিক পরিচালক ড্যানিয়েল টুল দক্ষিণ এশিয়ায় শিশু অধিকার বিষয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করেন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিও অংশ নেন ওই বৈঠকে। সপ্তদশ সার্ক শীর্ষ সম্মেলন উপলক্ষে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে মালদ্বীপে। সার্ক নেতারা যেসব জায়গায় যাবেন বা থাকবেন সেখানে কেবল বিশেষ অনুমতিপ্রাপ্তরাই প্রবেশ করতে পারবে। সম্মেলন উপলক্ষে মালদ্বীপে আসা শীর্ষ নেতাদের রাখার ব্যবস্থা হয়েছে ভিলিনগিলি দ্বীপের সাংরিলা রিসোর্টে। বৃহস্পতিবার রাতে আদ্দু সিটির হুলহু মিধুতে নৈশভোজে যোগ দেবেন তারা। শুক্রবার সকালে ভিলা লালুতে বৈঠকের পর বিকেলে আদ্দু ঘোষণার মধ্য দিয়ে শেষ হবে দুই দিনের এ সম্মেলন। এদিকে সার্ক শীর্ষ সম্মেলনকে কেন্দ্র করে উৎসবের সাজে সেজেছে আদ্দু। মূল সড়কগুলো সাজানো হয়েছে আট দেশের পতাকায়। মোড়ে মোড়ে অতিথিদের স্বাগত জানিয়ে ইলেকট্রনিক প্ল্যাকার্ড বসানো হয়েছে। রাতে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে। দক্ষিণ এশিয়ার সাতটি দেশ বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলংকাকে নিয়ে ১৯৮৫ সালে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা- সার্কের যাত্রা শুরু হয়। পরে এ জোটে যোগ দেয় আফগানিস্তান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/জেকে/১১০৭ ঘ.