ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আঞ্চলিক শান্তি আর ঐক্য জোরদার করার প্রত্যাশা নিয়ে বৃহস্পতিবার মালদ্বীপের আদ্দু শহরে শুরু হচ্ছে সপ্তদশ সার্ক সম্মেলন। সার্ক দেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধানরা এরইমধ্যে আদ্দুতে পৌঁছাতে শুরু করছেন।
সবার আগে মঙ্গলবার রাতে মালদ্বীপ পৌঁছান ভূটানের প্রধানমন্ত্রী জিগমে থিনলে। বাংলাদেশের প্রধানমন্ত্রীও বুধবার মালদ্বীপ গেছেন।
শ্রীলংকার প্রেসিডেন্ট মহিন্দ্র রাজাপাকশে বুধবার সকালে এবং নেপালের প্রধানমন্ত্রী বাবুরাম ভট্টরাই মালদ্বীপে পৌঁছেছেন বুধবার বিকেলে।
সার্ক সম্মেলনের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি এবং আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইও বুধবারের মধ্যে মালদ্বীপে পৌঁছাবেন।
এই সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি দ্বিপক্ষীয় বৈঠকে তিস্তা নদীর পানি বণ্টন নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে শেখ হাসিনা ও মনমোহন সিংয়ের মধ্যে।
এবারের সার্ক সম্মেলনের মূল প্রতিপাদ্য 'সেতুবন্ধন রচনা'। আর তা রাজনৈতিক সংলাপ এবং যোগাযোগ বৃদ্ধি- দু পর্যায়েই।
এদিকে সার্কের মন্ত্রী পর্যায়ের ৩৪তম অধিবেশন বুধবার শুরু হয়েছে। এই অধিবেশনে শিশু অধিকার নিয়ে ইউনিসেফের একটি মূল্যায়ন প্রতিবেদন প্রকাশিত হওয়ার কথা রয়েছে।
যাতায়াত ও যোগাযোগ থেকে শুরু করে জলবায়ু পরিবর্তন ও সুশাসন নিশ্চিত করাসহ বিভিন্ন ইস্যুতে সার্কের একটি সমন্বিত অবস্থান ঠিক করতেও আলোচনা হবে মন্ত্রী পর্যায়ের বৈঠকে।
নিরাপত্তা
সপ্তদশ সার্ক শীর্ষ সম্মেলন উপলক্ষে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে মালদ্বীপে। সার্ক নেতারা যেসব জায়গায় যাবেন সেখানে কেবল বিশেষ অনুমতিপ্রাপ্তরাই প্রবেশ করতে পারবেন।
ইকুয়েটরিয়াল কনভেনশন সেন্টার, হেয়ারদেয়ার, শাংরিলার অনুষ্ঠান এবং হুলহুমিধুরে সার্ক নেতাদের সম্মানে দেওয়া ভোজসভাতেও প্রবেশাধিকার সংরক্ষিত থাকবে।
দক্ষিণ এশিয়ার সাতটি দেশ বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলংকাকে নিয়ে ১৯৮৫ সালে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা- সার্কের যাত্রা শুরু হয়। পরে এ জোটে যোগ দেয় আফগানিস্তান।
সার্কের সচিবালয় কাঠমান্ডুতে। প্রথম সার্ক সম্মেলন হয়েছিল ঢাকায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসইউ/জেকে/১৭১৯ ঘ.
bdnews24