ঢাকা, নভেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অগণিত মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা এবং রাষ্ট্রীয় মর্যাদার মধ্যদিয়ে সম্পন্ন হলো কিংবদন্তী সঙ্গীতশিল্পী ভূপেন হাজারিকার শেষকৃত্য।
বুধবার ছেলে তেজ ভূপেন হাজারিকা মুখাগ্নির মাধ্যমে গৌহাটি বিশ্ববিদ্যালয়ের জালুকবাড়ি চত্বরে ভূপেনের শেষকৃত্যানুষ্ঠান হয়। চিতায় তোলার আগে ২১ বার ফাঁকা গুলি ছুড়ে শিল্পীর প্রতি সম্মান জানানো হয় বলে দ্য হিন্দু জানায়।
শেষকৃত্যে সব ধরনের ধর্মীয় আচার শেষে স্থানীয় সময় সকাল ১০টা ২০ মিনিটে ভূপেন হাজারিকার চিতায় আগুন দেন তেজ। এ সময় শিল্পীর সঙ্গী কল্পনা লাজমি উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ১০ টায় শিল্পীর মরদেহ জাজেস ফিল্ড থেকে আনা। আসামের মুখ্যমন্ত্রী তরুণ গাগোই ও গভর্নর জে বি পাটনায়েক শেষ শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়া ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের পক্ষে ইউনিয়ন ডোনার মন্ত্রী পবন সিং ঘোটোয়ার, কংগ্রেস নেতা সোনিয়া গান্ধীর পক্ষে এআইসিসি'র সাধারণ সম্পাদক দিগি¦জয় সিং এবং বিজেপি নেতা সুষমা স্বরাজ শিল্পীকে পুষ্পমাল্য দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করেন।
এরপরই তার মরদেহ কফিন থেকে বের করে বাঁশের খাটিয়াতে করে চিতার দিকে নিয়ে যান শিল্পীর ছেলে ও ভাতিজারা। তারপর তাকে চন্দনকাঠের চিতায় শুইয়ে দেওয়া হয়।
চিতায় আগুন দেয়ার পর তার বাবার প্রতি ভালবাসা ও শ্রদ্ধা জানানোর জন্য জোড়হাতে সর্বস্তরের মানুষের প্রতি ধন্যবাদ জানান তেজ হাজারিকা।
দুটি কিডনিই বিকল হয়ে যাওয়ায় শনিবার বিকেলে মুম্বাইয়ের কোকিলাবেন ধিরুভাই আম্বানি হাসপাতালে ৮৬ বছর বয়সে মারা যান এই শিল্পী। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে পুরো ভারতীয় উপমহাদেশে।
ভূপেনের নিজের জেলা গৌহাটির মানুষ ভালোবেসে তাকে ডাকতো 'ব্রহ্মপুত্রের কবি' বলে। সোমবার নিজারাপারে শিল্পীর বাড়িতে তার প্রতি শেষ শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ।
ভূপেনের দরাজ কণ্ঠে 'বিস্তীর্ণ দুপারে', 'আমি এক যাযাবর', 'মানুষ মানুষের জন্যে', 'সাগর সঙ্গমে', 'দোলা হে দোলা' 'প্রতিধ্বনি শুনি' গানগুলো বাংলাদেশের মানুষের হৃদয়েও স্থান করে নেয়। একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে ভূপেনের সাম্যবাদের গানগুলো আশা জুগিয়েছিলো এ দেশের স্বাধীনতাকামী মানুষকে।
সংগীতচর্চার পাশাপাশি তিনি লিখেছেন কবিতা, নির্মাণ করেছেন চলচ্চিত্র। একটি ছবিতে অভিনয়ও করেছেন। তবে কয়েক বছর আগে হিন্দুত্ববাদী রাজনৈতিক দল বিজেপিতে যোগ দিয়ে ভক্তদের মাঝে বিতর্কিত হন যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগে পিএইচডি করা এই শিল্পী।
১৯৭৫ সালে চামেলী মেমসাহেব ছবির সুরকার ও শিল্পী হিসেবে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান ভূপেন। ১৯৯২ সালে পান 'দাদাসাহেব ফালকে' পুরস্কার। এছাড়া ভারতীয় চলচ্চিত্র ও সংগীতে অবদানের স্বীকৃতি হিসেবে ১৯৭৭ সালে ভারত সরকারের পদ্মশ্রী ও ২০০১ সালে পদ্মভূষণ খেতাব পান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৪৪৮ ঘ.
bdnews24